ঢাকার মিউজিক ভিডিওতে যশ-নুসরাত
টালিগঞ্জের তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে ঢাকার একটি মিউজিক ভিডিওতে পাওয়া গেল।
ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে; কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘হারিয়ে গেলাম’ শিরোনামে এ গানে বাংলাদেশ ও ভারতের দুই কণ্ঠশিল্পী লুইপা ও পাপন।
লুইপা বলেন, “এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম।
“তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সংগীত জগতের অভিভাবক। আমি মনে করি এটা আমার জন্য আশির্বাদ, তাঁর গানগুলো গাইতে পারছি।”
টিএম রেকর্ডসের ব্যানারে ফারজানা মুন্নির প্রযোজনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
