২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদককাণ্ডে শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের জামিন

পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারের পরদিনই জামিনে ছাড়া পেলেন বলিউড তারকা শক্তি কাপুরের ছেলে এবং শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 11:34 AM

Updated : 02 Aug 2022, 01:47 PM

এনডিটিভি জানিয়েছে, সোমবার গভীর রাতে সিদ্ধান্ত জামিন পান। এ অভিনেতার সঙ্গে গ্রেপ্তার আরও চারজনকে জামিনে মুক্তি দিয়েছে ব্যাঙ্গালুরু পুলিশ। 

পূর্ব ব্যাঙ্গুলুরুর ডেপুটি পুলিশ কমিশনার ভীম শঙ্কর গুলেদ জানান, জামিন পেলেও নিয়মিত হাজিরা দিতে হবে তাদের।

রোববার রাতে বেঙ্গালুরুর এম জি রোডে একটি হোটেলের পার্টিতে অভিযান চালায় পুলিশ। পার্টিতে উপস্থিত ব্যক্তিরা মাদক নিয়েছেন সন্দেহে পুলিশ ৩৫ জনের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে সিদ্ধান্তসহ ৬ জনের মাদক সেবনের প্রমাণ মেলে। এরপর সিদ্ধান্তকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখে ব্যাঙ্গালুরু পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার ভীমা শঙ্কার গুলেদ জানান, ওই হোটেলটিকে সতর্ক করে নোটিস দেওয়া হয়েছে এবং তাদেরও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ব্যাঙ্গালুরু সিটি পুলিশ মাদক নির্মূলে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান তারই অংশ। চলতি মাসের শুরুতে অন্য একটি অভিযানে ৩৪ জনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

এদিকে সিদ্ধান্তের জামিনে স্বস্তি এসছে পরিবারে। বাবা ও বোনের মত সিদ্ধান্তও অভিনয় জগতেরই মানুষ। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘শুটআউট অ্যাট ভাদালা’, ‘চেহরে’ ও ‘আগলি।

‘ভুল ভুলাইয়া’, ‘চুপকে চুপকে’, ‘ঢোল’সহ কয়েকটি সিনেমায় সহকারী পরিচালকের ভূমিকাতেও তিনি ছিলেন।

এর আগে ২০২০ সালে মাকদকাণ্ডে শক্তির মেয়ে শ্রদ্ধার নামও এসেছিল। গত বছরের অক্টোবরে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও মাদক মামলায় গ্রপ্তার করেছিল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। পরে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

পুরনো খবর:

মাদককাণ্ডে এবার আটক শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত