২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদককাণ্ডে এবার আটক শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত

মাদককাণ্ডে গ্রেপ্তার হলেন বলিউড তারকা শক্তি কাপুরের ছেলে এবং শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর, যিনি নিজেও একজন অভিনেতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2022, 05:48 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুতে রোববার একটি পার্টিতে অভিযান চালিয়ে সিদ্ধান্তসহ ছয়জনকে মাদক নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

বেঙ্গালুরু পুলিশের একজন মুখপাত্র বলেন, রক্ত পরীক্ষায় সিদ্ধান্তের শরীরে মাদক মিলেছে। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে ছেলের বিরুদ্ধে ওই অভিযোগ মানতে নারাজ শক্তি কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “এটা অসম্ভব, আমি শুধু এটুকুই বলতে পারি।“

পুলিশ বলছে, রোববার রাতে বেঙ্গালুরুর এম জি রোডে একটি হোটেল রেভ পার্টিতে পুলিশ অভিযান চালায়। পার্টিতে উপস্থিত ব্যক্তিরা মাদক নিয়েছেন সন্দেহে পুলিশ ৩৫ জনের নমুনা সংগ্রহ করে।তাদের মধ্যে সিদ্ধান্তসহ ৬ জনের মাদক সেবনের প্রমাণ মেলে।

বাবা ও বোনের মত সিদ্ধান্তও অভিনয় জগতেরই মানুষ। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘শুটআউট অ্যাট ভাদালা’, ‘চেহরে’ ও ‘আগলি।

‘ভুল ভুলাইয়া’, ‘চুপকে চুপকে’, ‘ঢোল’সহ কয়েকটি সিনেমায় সহকারী পরিচালকের ভূমিকাতেও তিনি ছিলেন।

এর আগে ২০২০ সালে মাকদকাণ্ডে শক্তির মেয়ে শ্রদ্ধার নামও এসেছিল। গত বছরের অক্টোবরে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও মাদক মামলায় গ্রপ্তার করেছিল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। পরে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।