২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জয়া আহসান

সীতাকুণ্ডের ডিপোতে আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন; যাদের অবহেলায় সীতাকুণ্ড নরককুণ্ডে পরিণত হলো তাদের দিকে অভিযোগের আঙুলও তুলেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 08:20 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

সীতাকুণ্ডের বিএম ডিপো নামের সেই কন্টেইনার টার্মিনালে শনিবার রাতে লাগা আগুনে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪১ জনের প্রাণ গেছে; আহতদের ভিড় বাড়ছে হাসপাতালে।

সীতাকুণ্ডের জন্য প্রার্থনা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা; শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

অভিনেত্রী জয়া আহসান এক ফেইসবুক পোস্টে লিখেছেন: “সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

“নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, তত দিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।”

আহতদের সহযোগিতার আহ্বান জানিয়ে জয়া লিখেছেন, “আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে। নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।”

শাকিব খান লিখেছেন: “চট্টগ্রাম ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। প্রকৃত বীর এবং মানবতার সাহসী যোদ্ধাদের স্যালুট।”

ছোটপর্দার অভিনেত্রী শাহনাহ খুশী লিখেছেন: “ভোর থেকে টেলিভিশন স্ক্রল করছি আর অনলাইন নিউজের দিকে তাকিয়ে বসে আছি। রুটিন মতো সব কাজ ওলট-পালট হয়ে গেল! স্তব্ধ হয়ে গেলাম! শেষ খবরে দেখছি মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪২ জন। কী বলবো? আন্দাজ করছি সীতাকুন্ডের নির্মম ভায়াবহতা!”

সীতাকুণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন জাহান, নির্মাতা মেজবাউর রহমান সুমন, সাগর জাহান, অভিনেতা ফারহান আহমেদ জোভানসহ আরও অনেকে।