২৮ বছর পর পিংক ফ্লয়েডের প্রথম গান ইউক্রেইনের সমর্থনে
কিংবদন্তি রক ব্যান্ড পিংক ফ্লয়েডের নতুন গান ‘হেই হেই রাইজ আপ’ প্রকাশ পেয়েছে শুক্রবার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের জনগণের প্রতি সমর্থন জানাতে ২৮ বছর পর প্রথম মৌলিক গান প্রকাশ করল ব্যান্ড দলটি।
সিএনএন জানিয়েছে, এরআগে পিংক ফ্লয়েডের সবশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গত শতকে, ১৯৯৪ সালে।
নতুন এই গান প্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পিংক ফ্লয়েড জানায়, ‘হেই হেই রাইজ আপ’ গান থেকে আয়ের অর্থ ইউক্রেইনের মানবিক সহায়তায় ব্যয় করা হবে।
গিটারে ডেভিড গিলমোর এবং ড্রামে নিক ম্যাসনের সঙ্গে এই গানে আরও অংশ নিয়েছেন বেইজ গিটারে গাই প্র্যাট এবং কি-বোর্ডে নিতিন শহনি।
এই গানে কণ্ঠ দিয়েছেন ইউক্রেইনের বুমবক্স ব্যান্ডের আন্দ্রিয়ে ক্লিভনিউক। যুদ্ধবিধ্বস্ত রাজধানী কিইভ থেকে তিনি এই গানে অংশ নিয়েছেন বলে পিংক ফ্লয়েডের পক্ষ থেকে জানানো হয়েছে।
