২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংগীত উৎসব শুরু মঙ্গলবার

দেশের ৪০ গণসঙ্গীতের দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার দিন ব্যাপি জাতীয় গণসংগীত উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 06:30 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ আয়োজন চলবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ।

মঙ্গলবার বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় গণসঙ্গীত উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণসঙ্গীত লড়াই-সংগ্রামের হাতিয়ার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেলেও শ্রেণি-বৈষম্য এখনও প্রকট। বিষয়টি মাথায় রেখে উৎসবের শ্লোগান নির্বাচন করা হয়েছে ‘গণসঙ্গীতের অঙ্গীকার, সাম্য সম্প্রীতির বাংলাদেশ’।

৪০টি দলের অংশগ্রহণে এ আয়োজনে বর্ণবাদবিরোধী গণসঙ্গীত থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলনসহ বিষয়ভিত্তিক গান পরিবেশন করা হবে।

পাশাপাশি নৃত্য, আবৃত্তি ও সেমিনারও থাকবে।

উৎসবের সমন্বয়কের দায়িত্বে আছেন মানজার চৌধুরী সুইট ও সদস্য সচিবের দায়িত্বে আছেন শিল্পী ফকির সিরাজুল ইসলাম।