ইউক্রেইনের ছায়া পড়বে অস্কারেও
করোনভাইরাস মহামারীর পর বিশ্বের নতুন সঙ্কট ইউক্রেইন-রাশিয়ার যুদ্ধের ঘটনাপ্রবাহের মধ্যেই এবার অস্কারের ৯৪তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার হলিউডের ডলবি থিয়েটারে এই জমকালো আয়োজনেও ইউক্রেইন সঙ্কটের বিষয়টি তুলে ধরা হবে বলে অস্কার কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে সিএনএন।
শো’র নির্বাহী প্রযোজক উইল প্যাকারের ভাষ্য, ইউক্রেইনে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে অস্কার পেছপা হবে না।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্যাকার বলেন, “এটি সত্যিই মানবজাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি সময় এবং এ ব্যাপারে আমরা খুবই সচেতন।
“সঙ্কটের কারণে এই জাতীয় শো’তে যাবেন না বা বিষয়টি সম্পর্কে জানবেন না এবং সম্মানের সঙ্গে সঙ্কট মেনে নেওয়ার কোনো পথ খুঁজবেন না, আমি তা মনে করি না।”
করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর একাডেমি অ্যাওয়ার্ডের স্বাভাবিক আয়োজন ছিল না। এবার দেরিতে হলেও বসতে যাচ্ছে। তার মধ্যে নতুন সঙ্কট হয়ে এসেছে ইউক্রেইন যুদ্ধ।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্যাকার বলেন, “গত বছরের পরিস্থিতিতে একটি শো আয়োজনের অসুবিধাগুলো ভাবুন। আমরা কোভিড পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে সত্যিই বেরিয়ে আসতে পারিনি। আর এখন আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এবার আপনি বিশ্বমঞ্চ নিয়ে ভাবুন।
“আমরা এই সঙ্কটগুলো অস্বীকার করব না এবং সম্মানজনক উপায় এগুলো শেষ করব, যাতে প্রমাণ হয় আমরা কত উদার।”
সিএনএন জানিয়ছে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর উপস্থাপনা করতে যাচ্ছেন অ্যামি শুমার, সঙ্গে থাকবেন রেজিনা হল ও ওয়ানডা স্কাইস।
শুমার ওই সংবাদ সম্মেলনে ছিলেন না। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন আর মানবিক সংকট নিয়ে তিনিও উদ্বিগ্ন। এমনকি অস্কারের আসরে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতি ঘটাতে চান তিনি।
‘লাইফ অ্যান্ড বেথ’- তারকা শুমার যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেত্রী। সম্প্রতি তিনি হলিউডের আরেক তারকা ড্রিউ ব্যারিমোরের অনুষ্ঠানে উপস্থিতি হয়ে ইউক্রেইন প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে শুমার বলেন, “আমি আসলেই এ প্রস্তাব তুলেছি। আমি চেয়েছি, যদি সম্ভব হয়, স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে ভিডিওকলে প্রেসিডেন্ট জেলেনস্কিকে এবারের আয়োজনে যুক্ত করতে অথবা একটি ভিডিও টেপ প্রস্তুত করতে বা কিছু একটা করে বিষয়টিকে আলোচনায় রাখতে, কারণ এই অস্কারের পুরস্কার তুলে দেওয়া দেখতে কত কত চোখ চেয়ে থাকবে।”
তবে এই চিন্তাটি বাতিল করা হয়েছে কিনা তা জানাননি প্রযোজক প্যাকার। তিনি শুধু বলেন, “শো’র পরিকল্পনা’ চলছে।
স্কাইস অবশ্য একটু ভিন্ন সুরেই বলেছেন “সে (জেলেনস্কি) কি এখন ব্যস্ত নয়?”
এদিকে ইউক্রেনের স্বীকৃতির জন্য প্যাকারের পরিকল্পনাকে ‘সুন্দর’ উল্লেখ করে রোজিনা হল বলেন, “এটি একটি নাজুক পরিস্থিতি এবং...আমি মনে করি দর্শকরা এটি উপভোগ করবেন।”
ছবি: রয়টার্স
অস্কারের ‘বিগ ফাইভ’ ক্যাটাগরি হল সেরা পাঁচটি বিভাগ। অর্থাৎ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা ছবি। পরিসংখ্যান বিশ্লেষণ করে এই ক্যাটাগরিগুলোতে এবার সম্ভাব্য কারা অস্কার পেতে পারেন তা জানিয়েছে সিএনএন।
তিনটি চলচ্চিত্র এখন পর্যন্ত বিগ ফাইভের সব ক্যাটাগরিতে জিতেছে। সর্বশেষটি ছিল ১৯৯১ সালে ‘সাইলেন্স অফ দ্য ল্যাম্বস’৷ এ বছর কোনো চলচ্চিত্র এটিকে টেনে নেওয়ার যোগ্য নয় বলছে মার্কিন সংবাদমাধ্যমটি।
সেরা অভিনেতা
‘কিং রিচার্ড’-এ অভিনয়ের জন্য অভিনেতা উইল স্মিথের এই ক্যাটাগরিতে জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ দেখছে সিএনএন। ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ এ অভিনয়ের জন্য বেনেডিক্ট কাম্বারব্যাচ প্রশংসার দাবিদার, তার সম্ভাবনা ১০ শতাংশের কিছুটা বেশি।
সেরা অভিনেত্রী
সেরা অভিনেতার বিপরীতে বেশ কয়েকজন প্রশংসনীয় সেরা অভিনেত্রীও রয়েছেন। এর মধ্যে ‘দ্য আইস অফ ট্যামি ফায়ে’ তে অভিনয়ের জন্য জেসিকা চ্যাস্টেইনের জয়ের সম্ভাবনা ৬০ শতাংশ।
তারপরে নিকোল কিডম্যানের (বিইং দ্য রিকার্ডোস) জয়ের সম্ভাবনা ২০ শতাংশের বেশি। অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটারস) এবং ক্রিস্টেন স্টুয়ার্টের (স্পেন্সার) সম্ভাবনা ১০ শতাংশ।
সেরা পরিচালক
এই ক্যাটাগরিতে এবার জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অফ দ্য ডগ) না জিতলে খুব অবাক হওয়ার বিষয়ই হবে। তার অস্কার পাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। বড় স্কোর নিয়ে যদি বিষয়টিকে কেউ উল্টে দেয়, তবে তিনি হবেন স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)।
যদি কাম্পিয়ন এবার অস্কার ঝুলিতে পুরতে পারেন, তাহলে স্পিলবার্গের উপর তার এক ধরনের প্রতিশোধ নেওয়াও হবে। কেননা ১৯৯৪ সালে তার সাড়াজাগানো সিনেমা ‘দ্য পিয়ানো’কে টপকে ‘শিন্ডলার্স লিস্ট’ নিয়ে অস্কার জিতেছিলেন স্পিলবার্গ।
সেরা সিনেমা
এই ক্যাটাগরিতে প্রতিযোগিতার পাল্লায় দুটি চলচ্চিত্র। এর মধ্যে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এর সম্ভাবনা ৫০ শতাংশের একটু বেশি। অথবা ‘কোডা’ও জিততে পারে। এর সম্ভাবনা ৪০ শতাংশের সামান্য কম।
সিএনএ জানিয়েছে, প্রতিটি বিভাগে কে জিততে চলেছে তা জানার সেরা উপায়ের একটি হল- এ বছর এখন পর্যন্ত অন্যান্য পুরস্কারের ক্ষেত্রে কোন ফিল্ম এবং অভিনেতারা সেরা করেছেন তা দেখা। কিছু পুরস্কার অন্যদের তুলনায় অস্কারের ভবিষ্যদ্বাণী করার জন্য একটি ভাল উপায় কাজ করে।
সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা অভিযোজিত চিত্রনাট্য
সিএনএন’র সিনিয়র ডেটা রিপোর্টার হ্যারি এনটেন বলেছেন, “সত্যি বলতে, আমি জানি না, এই দুই বিভাগে কে জিতবে। ‘লিকোরিস পিৎজা’ এবং ‘বেলফাস্ট’ এ দুটিরই মূল চিত্রনাট্য বিভাগে জেতার সম্ভাবনা ৪০ শতাংশ। ‘ডোন্ট লুক আপ’ এর সম্ভাবনা ১৫ শতাংশ।
সেরা অভিযোজিত চিত্রনাট্য প্রতিযোগিতায় ‘কোডা’র সম্ভাবনা ৫০ শতাংশের একটু বেশি। বিপরীতে ‘দ্য পাওয়ার ওপ দ্য ডগ;’ এর সম্ভাবনাও কম নয়, ৪০ শতাংশের কাছাকাছি।
আরও খবর:
