ইউক্রেইনের শরণার্থী শিল্পীর কণ্ঠে জীবনের ধ্বনি
গান গেয়ে ছয় বছর আগে গোটা ইউরোপ জয় করেছিলেন ইউক্রেইনীয় কণ্ঠশিল্পী সুজানা জামালাদিনোভা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের নির্দেশে মাতৃভূমি কৃষ্ণ সাগরের দেশ ক্রিমিয়া থেকে লাখো মানুষকে বিতাড়নের ঘটনা নিয়ে ছিল তার সে গান।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, সাধারণভাবে উচ্ছ্বল ওই আয়োজনে তার সেই গম্ভীর সংগীত ২০১৬ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ জিতে নেওয়াটা ছিল বিস্ময়কর।
গানের কলিতে ইতিহাসের আউড়ে বলা হয়, “অপরিচিতরা যখন আসছে, তারা আপনার বাড়িতে আসছে। তারা আপনাদের সবাইকে হত্যা করে এবং বলে, ‘আমরা অপরাধী নই’।”
ইউক্রেইন যুদ্ধে তিনি নিজেই এখন শরণার্থী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসন শুরুর পর সন্তানদের নিয়ে ইউক্রেইনের বাইরে আশ্রয় খুঁজে নিতে বাধ্য হন ৩৮ বছর বয়সী এই সংগীত তারকা।
ইস্তানবুলে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “২৪ ফেব্রুয়ারি সকালে আমার স্বামী আমাকে ঘুম থেকে ডেকে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে,রাশিয়া আমাদের আক্রমণ করেছে।
“সেই মুহূর্তে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এটি একটি দুঃস্বপ্নের মতো মনে হয়েছিল।”
সংগীত তারকা সুজানা জামালাদিনোভা। ছবি: রয়টার্স
তিনি জানান, নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই যাত্রাপথটি সহজ ছিল না এবং সন্তানদের বিপদের আঁচ পেতে দিতে চাননি বলে গান গেয়ে তাদের ভুলিয়ে রেখেছেন।
“আমরা গাড়িতে ছিলাম এবং বিজজজজ…. শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা আমাদের সামনে (একটি রকেট) দেখেছি।”
ফিরে যাবেন না কি সামনে এগুবেন, তা নিয়ে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন।
“আমি খেই হারিয়ে ফেললাম। কিন্তু আমাকে সামনে যেতে হয়েছিল। এটা ভয়ঙ্কর ছিল।”
রয়টার্সের প্রতিবেদনে ক্রিমিয়ার তাতার বংশোদ্ভূত জামালার আত্মীয়দের ১৯৪৪ সালে জাতিগত বিতাড়নের শিকার হতে হয়। চলমান যুদ্ধে তার দেশের পেছনে দাঁড়াতে তিনি ইউরোপীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এই সংগীত তারকা বলেন, “এটা কেবল ইউক্রেইনের যুদ্ধ নয়, এটা ইউরোপীয় মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধ। আমি মনে করি আমরা সবাই একই নৌকার যাত্রী।”
এ মাসের শুরুতে বার্লিনে তিনি এই বার্তা পৌঁছে দেন। সেখানে এ বছরের ইউরোভিশন প্রাথমিক রাউন্ডে ২০১৬ সালের সেই গানটিই আবার গেয়েছেন। এবার অবশ্য ইউক্রেইনের সেনাদের প্রতি সমর্থন আদায়ে তিনি গানটি করেন।
সংগীত তারকা সুজানা জামালাদিনোভা। ছবি: রয়টার্স
সারা বিশ্বে ইউরোভিশন ফাইনালের টিভি সম্প্রচারের প্রচুর শ্রোতা-দর্শক রয়েছেন। এই প্রতিযোগিতায় অন্যতম জনপ্রিয় একটি দল ইউক্রেইানের ‘কালুস অর্কেস্ট্রা’।
প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের এই দলটির ওপর তিন সপ্তাহের এই যুদ্ধের খুব সামান্যই প্রভাব পড়েছে। তবু দলের সদস্যদের যুদ্ধের সময় আলাদাভাবে সংগীত চর্চা করতে হয়েছে।
দলের মূল গায়ক ওলেহ সিউক ২০ জনের একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেন। তারা যুদ্ধাক্রান্তদের ওষুধ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্র থেকে পালাতে সহায়তা করছেন। তার বান্ধবী মোলোটভ ককটেল তৈরি করেন এবং ব্যান্ডের আরেকজন সদস্য টেরিটোরিয়াল ডিফেন্স ইউনিটে কাজ করছেন।
নিজের দেশে যুদ্ধের কারণে অনুষ্ঠানে গাইতে পারবেন কিনা তা নিয়ে শুরুতে বেশ দোটানায় পড়েছিলেন জামালা। অবশ্য গাইতে শুরু করার পর সব দ্বিধা দূর হয়ে যায় বলে জানান তিনি।
“আমার কাছে মনে হচ্ছে, এখন আমার এটাই করার আছে। যদি আমি গান গেয়ে ইউক্রেইনকে সহায়তা করা অর্থ সংগ্রহ করতে পারি, আমি এটা চালিয়ে যাব।”
