২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব ওটিটি অ্যাপ আনছেন শাহরুখ খান

ওটিটি প্ল্যাটফর্মে নতুন রূপে আসছেন শাহরুখ খান, এজন্য নিজেই অ্যাপ আনছেন এই বলিউড তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটড ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 10:01 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

টুইটারে সোমবার নিজের একটি ছবি পোস্ট করেন শাহরুখ খান। সেখানে তাকে দেখা যায় ডেনিম জ্যাকেট ও চোখে সানগ্লাস পরে নিজস্ব ভঙ্গিমায় ‘থাম্বস আপ’ দেখাতে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- “ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।”

এর সূত্র ধরে ভারতের সংবাদ মাধ্যমে খুঁজে বের করেছে, ‘এসআরকে প্লাস’ নামে নিজস্ব ওটিটি অ্যাপ আনতে যাচ্ছেন ‘কিং খান’।

বিষয়টি আরও নিশ্চিত করেন আরেক বলিউড সুপারস্টার সালমান খান।

শাহরুখ খানের টুইটে রি-টুইট করে তিনি লিখেছেন, “আজকের পার্টি তোমার পক্ষ থেকে, শাহরুখ। তোমার নতুন ওটিটি অ্যাপ ‘এসআরকে প্লাস’ এর জন্য অভিনন্দন।”

শাহরুখ খান যে এবার ওটিটিতেও আধিপত্য করতে যাচ্ছেন, তা নিয়ে তার ভক্তরা অত্যন্ত রোমাঞ্চিত।

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এই অ্যাপের কার্যক্রমে নিজের সংযুক্ত থাকার কথা জানিয়ে লিখেন, “স্বপ্ন সত্যি হল। শাহরুখের সঙ্গে যৌথভাবে কাজ করছি তার নতুন অ্যাপ ‘এসআরকে প্লাস’ এর জন্য।“

এদিকে নির্মাতা করণ জোহরও টুইটারে অভিনন্দন জানান শাহরুখকে। “বছরের সবচেয়ে বড় খবর। এটি ওটিটির চেহারাই বদলে দিবে। দারুণ উত্তেজিত আমি,” লেখেন তিনি।

শাহরুখ খান এর আগে নেটফ্লিক্সে ‘বার্ড অফ ব্লাড’ ও ‘বেতাল’ সিরিজের প্রযোজক হিসেবে ওটিটি দুনিয়ায় পা রাখেন।

শাহরুখ খানের হাতে এখন সিনেমা রয়েছে ‘পাঠান’। এতে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২০১৮ সালে ‘জিরো’র পর আর কোনো সিনেমা আসেনি তার।