২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল কমছে, সবাই এখন ইউটিউব দেখছে: মাহিয়া মাহি

দেশে সিনেমা হলের সংখ্যা কমতে থাকায় বিনোদন খুঁজতে ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবের দিকে ঝুঁকছে বলে মনে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 09:13 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

প্রায় বছর খানেক পর ‘আশীর্বাদ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় ফিরছেন এ অভিনেত্রী; সরকারি অনুদানে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমাটি ঈদুল ফিতরের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিরতি কাটিয়ে বড়পর্দায় ফেরার অনুভূতি জানতে চাইলে মঙ্গলবার রাতে মাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনেমা হল কমে যাওয়ায় সিনেমা মুক্তিকে ঘিরে আগের মতো আর উৎসবের আমেজ পান না তিনি।

কয়েক দশক ধরেই দেশে একের পর এক সিনেমা হল বন্ধ হয়েছে। গত দুই যুগ পেরিয়ে ১২৩৫ হল থেকে এখন ১২০টিতে এসে নেমেছে।

 “যে পরিমাণে হল কমে গেছে এখন ওই উত্তেজনাটা আর নাই। অনেক আগে যেসব সিনেমা রিলিজ হতো তখন উৎসবের মতো লাগত। এটা উৎসব লাগে না। সবাই এখন ওটিটির ওপর ঝাঁপিয়ে পড়েছে। সবাই ইউটিউব দেখে।

“সিনেমা হল থেকে সবাই মোটামুটি কিছুটা ‍দূরে। আর সিনেমা হল এত অল্প, সে পরিমাণে সিনেমা নিয়ে প্রচারণাও হয় না। সে হিসেবে উত্তেজনাটা অত বেশিও না। কিন্তু ভালো লাগছে; ‘আশীর্বাদ’ সিনেমাটা হলে আসবে।”

মাহি বললেন, সিনেমা ছাড়িনি, তবে …  

এর আগে গত বছর মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সিনেমা হলে মুক্তি পেয়েছিল; ২০১৯ সালে মুক্তি পেয়েছে তার আরেক সিনেমা ‘অবতার’।

মাহির ‘যাও পাখি বলো তারে’, ‘বুবুজান’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

মাঝে ওমরাহ থেকে ফেরার পর তার সিনেমা ছাড়ার গুঞ্জনের মধ্যে এক সাক্ষাৎকারে ‘অগ্নি’ নায়িকা জানান,

তিনি সিনেমা ছাড়ছেন না। তবে পরিবার ‘বিব্রত’ হবে, এমন ভূমিকায় তিনি অভিনয় করবেন না।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।

পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।