২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহি বললেন, সিনেমা ছাড়িনি, তবে …

মাহিয়া মাহি যখন ওমরায়, তখনই গুঞ্জন রটেছিল সিনেমাকে এবার বিদায় জানাচ্ছেন তিনি। ওমরাহ থেকে ফেরার পর তার শুটিংয়ে ফেরার খবর সেই গুঞ্জনে জল ঢালল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মকফুল হোসেন সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 08:58 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

তবে এই চিত্রনায়িকার মুখ থেকে কোনো কথাই শোনা যাচ্ছিল না। সোমবার তার অবসান হল। প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের দৃশ্যধারণের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয় খোলসা করেছেন তিনি।

‘অগ্নি’ নায়িকা জানিয়েছেন, তিনি সিনেমা ছাড়ছেন না। তবে পরিবার ‘বিব্রত’ হবে, এমন ভূমিকায় তিনি অভিনয় করবেন না।

এ মাসের শুরুতে মাহি ওমরায় থাকাকালে দুই বছর আগে তার সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন আচরণের একটি অডিও ফাঁস হয়। তারপর মন্ত্রিত্বও হারাতে হয় মুরাদকে।

মুরাদের পদ হারানোর ‘বিচার’ মনে করলেও এই বিষয়ে এখন আর কিছুই বলতে চান না এই চিত্রনায়িকা।

নানা আলোচনার মধ্যে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে ফিরলেন; অভিজ্ঞতা কেমন?

Image
শুটিংয়ে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহি।

শুটিংয়ে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহি।

মাহিয়া মাহি: ওমরাতে গিয়েছিলাম; সেখানে যাওয়ার দুই দিন আগেও শুটিং করেছি। মাঝে ১৫ দিনের মতো একটা গ্যাপ ছিল। এর মাঝে করোনাভাইরাসের জন্য দেড় বছর কাজ করলাম না। এবার আমাকে নিয়ে সবাই যেই পরিমাণে নিউজ করছিল যে, আর সিনেমা করবেন না মাহি! সেটা নিয়ে আমি নিজেই বিব্রত ছিলাম। কারণ আমি কোথাও কোনো স্টেটমেন্ট দিইনি যে, আমি সিনেমা করব না।

এটা (সিনেমা) আমার প্রফেশন, এটা আমার কাজ। ওটা (ওমরাহ) তো ইবাদতের জায়গা। ইবাদতের জায়গায় ইবাদত আর কাজের জায়গায় কাজ। যখন সময় কিংবা পরিস্থিতি এমন হবে যে, আমি আর কাজ করব না।

তখন আমার ডিরেক্টর, প্রডিউসারদের জানাবো। কারণ আমাকে ঘিরে অনেকের অনেক প্ল্যান থাকে। অনেক সিনেমার অর্ধেক কাজ করা আছে, হুট করেই তাদের বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। যেগুলো বিবেচনা করেই আসলে আমি কাজ করব কী করব না, সেটা জানাবো।

কেন জানি সবাই নিউজ করে ফেলেছে, আমার কাছে বিব্রত লাগছিল। সবাই খুব কমেন্ট করছিল, আল হামদুলিল্লাহ। আর সিনেমা করবে না, খুব ভালো। শুটে ঢোকার সময় আমার খুব বিব্রত লাগছিল, তখন মানুষ আবার ভুল বুঝবে। এই জন্য হালকা একটু বিব্রত লাগছে।

তাহলে আপনি সিনেমা ছাড়ছেন না?

Image
‘বুবুজান’ সিনেমার শুটিংয়ের ফাঁকে মাহি।

‘বুবুজান’ সিনেমার শুটিংয়ের ফাঁকে মাহি।

মাহিয়া মাহি: বিষয়টা হচ্ছে, আমি এমন কোনো স্টেটমেন্টই দিইনি। আমি এমন কোনো কথাই বলিনি। ওমরাহতে যাব, এই বিষয়টাই আমি কাউকে বলিনি। কোনো সাংবাদিকদেরও বলিনি। আমি শুধু ডিরেক্টর ও প্রযোজকদের মধ্যে যাদের ইনফর্ম করা দরকার তাদের আমি জানিয়েছি। তাদের মাধ্যমে সাংবাদিকরা জানতে পেরেছে। আমি ওমরাহতে যাচ্ছি, এটা ব্যক্তিগত বিষয়। বিষয়টি আমি জানাতেই চাচ্ছিলাম না।

ওমরাহ করতে যাওয়ার খবরটি ঢোল পিটিয়ে বলতে চাইনি। সো, বিষয়টা হচ্ছে, এটাই আমার কাজ (সিনেমা), আমি কাজে ফিরেছি। ইবাদত করতে গিয়েছিলাম, সেটা সম্পূরণ ব্যক্তিগত বিষয়। যখন আমার ফ্যামিলি থেকে বলা হবে, আমার আজ কাজ করার দরকার নেই। যখন আমার নিজেরও মনে হবে, আমি আর কাজ করব না। কারণ আমি তো ব্যবসা করি না, এটাই আমার পেশা। কোনো ইনফরমেশন ছাড়া হুট করেই এখান থেকে চলে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি এখন পরিষ্কার।

‘বুবুজান’ সিনেমায় আগেই সাইন করা ছিল; নতুন কোনো সিনেমা নিয়ে কথা হচ্ছে কী?

মাহিয়া মাহি: নতুন কোনো সিনেমায় একটু ভেবে-চিন্তে সাইন করব। কারণ আমার ফ্যামিলি থেকে কিছুটা রেস্ট্রিকশন আছে। যেমন, এমন এমন ক্যারেক্টার করা যাবে না বা এই সেই বিষয়গুলো। সেই গল্পগুলো আমি একটু চুজ করব যেখানে ড্রেসআপ মার্জিত থাকবে, ক্যারেক্টার মার্জিত থাকবে। মানে, সব করব না; খুব বেছে কাজ করব।

এখন এই ধরনের চরিত্র ছাড়া কাজ করতে চান না কেন?

মাহিয়া মাহি: এটার প্রেক্ষাপট আসলে বলা কঠিন, এটা নিজের উপলব্ধি।

ওমরাহর প্রভাব?

মাহিয়া মাহি: হ্যাঁ। একটা জায়গা থেকে আমি এসেছি; এর পরে আমি চাই যে, আগের মতো যেমন ধুমধাড়াক্কা গান করছি সেখানে, যেটা মন চাইল সেটা করলাম। সেই জিনিসটা আমি আর চাই না। আমি এখন মার্জিত ধরনের কাজ করতে চাই। আমি ক্যারেক্টারগুলো আমার মতো করে বেছে কাজ করব। সেটার উপলব্ধি আসলে ওমরাহ থেকে না, অনেক আগে থেকেই ছিল। আস্তে আস্তে এটার একটা সময় স্টেপ নেওয়া দরকার ছিল, এখনই সেই সময়।

তবে আমি একবারও বলছি না, আমি নানা ধরনের চরিত্র করব না। একটু বেছে করব, ফ্যামিলির মানুষ বিব্রত হবে এমন কাজ (সিনেমা) করব না।

ওমরাহ থেকে ফিরে ‘কাগজের বউ’ ছাড়লেন কেন?

মাহিয়া মাহি: ‘কাগজের বউ’ সিনেমার শুটিংয়ের আগে আমার শরীর খুব খারাপ ছিল। শিডিউল ও অন্যান্য আর্টিস্টদের ডেট নেওয়া ছিল ফলে ওটা ক্যান্সেল করার কোনো ওয়ে ছিল না। ফলে আমি সরে এসেছি সিনেমা থেকে। আমি শারীরিকভাবে ওই কয়টা দিন অসুস্থও ছিলাম।

আরেকটা বিষয় নিয়ে আপনি কোনো কথা বলেনি, ফলে নানা কথাবার্তা ছড়িয়েছে...

মাহিয়া মাহি: ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলব না।

মুরাদ হাসানের পদ হারানোর খবরে যা বললেন মাহিয়া মাহি