ঢাকার বিয়েতে বাজালো রোমানিয়ার 'আমাদিউস'
রোমানিয়ার ইলেক্ট্রিক কোয়াট্রেট আমাদিউস দুই বছর পর আবারও ঢাকায় এসে বাজিয়ে গেল একটি বিয়ের আসরে।
শনিবার রাতে গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপারসন ফারজানা মুন্নীর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত তারকাদের মধ্যে আমাদিউসের শিল্পীরাও ছিলেন।
অনেক দিন পর ঢাকায় এসে তারা আমাদিউসের অফিসিয়াল ফেইসবুক পেইজে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
ইউরোপের জনপ্রিয় এই ‘অল ফিমেল’ ব্যান্ড পিয়ানো, চেলোসহ আধুনিক বৈদ্যুতিক যন্ত্রে শাস্ত্রীয় সংগীত এবং আধুনিক ইউরোপীয় সংগীতের মেলবন্ধন ঘটিয়ে খ্যাতি পেয়েছে।
এর আগে ২০১৯ সালেও একবার ঢাকায় এসে একটি বিয়ের অনুষ্ঠানে বাজিয়েছিল আমাদিউস। সে কথা স্মরণ করে তাদের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, “দুই বছরের বেশি হয়ে গেল, বাংলাদেশের প্রিয় বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হয়নি, একসঙ্গে বাজানোরও সুযোগ হয়। তোমাদের অনেক মিস করেছি।”
এ দলের চার সদস্য বিশ্বের নানা দেশে বাজিয়ে আসছেন প্রায় ২০ বছর ধরে। তাদের মধ্যে আন্দ্রেয়া রুন্সেনু ও বিয়াঙ্কা গ্যাভ্রিলেস্কু বাজান বেহালা। চেলো বাজান প্যাট্রিসিয়া সিম্পোয়াসু। আর লরা লাজারেস্কু সুর তোলেন পিয়ানোতে।
এ পর্যন্ত ছয়টি স্টুডিও অ্যালবাম বেরিয়েছে এই চতুষ্টয়ীর। এরমধ্যে সর্বশেষ অ্যালবামটির শিরোনাম ২০২০ এর উচ্ছ্বাস (2020’s JOY)।
