২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবি শঙ্কর স্মরণে গাইলেন জর্জ হ্যারিসনের ছেলে

বিশ্ববিখ্যাত সেতারবাদক রবি শঙ্করের জন্মশতবর্ষের আয়োজনে গাইলেন বিশ্বখ্যাত সংগীত তারকা জর্জ হ্যারিসনের ছেলে ড্যানি হ্যারিসন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 06:21 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

রবি শঙ্করের জন্মশতবর্ষ স্মরণে যুক্তরাজ্যের লন্ডনের সাউথব্যাংক সেন্টারে আয়োজিত ‘শঙ্কর ১০০’ কনসার্টে রবি শঙ্করের লেখা গান পরিবেশন করেন ড্যানি।

এক ফেইসবুক পোস্টে ড্যানি জানান, তার বাবা জর্জ হ্যারিসনের প্রযোজনায় রবি শঙ্করের ‘চ্যান্টস অব ইন্ডিয়া’ অ্যালবামের ‘প্রভুজি’ গানটি পরিবেশন করেছেন তিনি; অর্কেস্ট্রায় ছিলেন রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর।

তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রবি শঙ্করের কয়েকজন শিষ্য।

ব্যক্তিজীবনের দুই বন্ধু রবি শঙ্কর ও জর্জ হ্যারিসন বিশ্বজুড়ে সুরের মায়াজাল ছড়িয়েছেন; তাদের রেখে যাওয়া অমলিন গানগুলো শ্রোতাদের সামনে নিয়ে আসছেন তার উত্তরাধিকাররা।

পরে শ্রী কৃষ্ণকে নিয়ে রবি শঙ্করের লেখা ভক্তিমূলক গান ‘আই অ্যাম মিস ইউ’ পরিবেশন করেন ড্যানি; গানটির সংগীতায়োজন করেছেন তার বাবা জর্জ হ্যারিসন।

Image
ছবি: ফেইসবুক থেকে।

ছবি: ফেইসবুক থেকে।

গানটি পরিবেশনের সময় তার সঙ্গে রবি শঙ্করের স্ত্রী সুকন্যা শঙ্করও গলা মিলিয়ে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

জর্জ হ্যারিসন ও তার দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেওয়া ড্যানি যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন।

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার এ আয়োজন ২৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে এক ফেইসবুক পোস্টে জানান সুরকার ও সেতারবাদক আনুশকা; মা সুকন্যাকে নিয়ে পুরো আয়োজন সামলাচ্ছেন তিনি।

রবি শঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা সংসারে জন্ম নেওয়া আনুশকার শৈশব কেটেছে দিল্লি ও লন্ডনে। দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যেই থিতু হয়েছেন তিনি। 

গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী যুক্তরাষ্ট্রের গায়িকা নোরা জোনস আনুশকার সৎ বোন। শুভেন্দ্র শঙ্কর নামে তার আরেক সৎ ভাই ছিলেন; রবি শঙ্কর মারা যাওয়ার দুই দশক আগে শুভেন্দ্র মারা যান।

নিজের সংগীত চর্চার পাশাপাশি রবি শঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন আনুশকা, এ ফাউন্ডেশনের আয়োজনে নিয়মিত বিভিন্ন আয়োজনে পারফর্ম করেন তিনি।

২০২০ সালের ৭ এপ্রিল রবি শঙ্করের শততম জন্মদিনে এ আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা দুই বছর পেছানো হয়েছে।

একাত্তরে মুক্তিকামী বাঙালির সমর্থনে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’র মূল দুই উদ্যোক্তা ছিলেন রবি শঙ্কর ও জর্জ হ্যারিসন।

ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনঃমঞ্চায়নের একটি পরিকল্পনার খবরও বেরিয়েছিল বছর খানেক আগে। আনুশকা ও ড্যানি হ্যারিসনের সেই আয়োজনে যুক্ত থাকার কথা বলা হয়েছিল সেই খবরে। তবে এখনও সেই কনসার্ট হয়নি।