২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের শরণার্থীদের সহায়তায় সুপারমডেল জিজি হাদিদ

সুপারমডেল জিজি হাদিদ তার চলতি ‘ফ্যাশন মাসে’র পুরো আয় ইউক্রেইন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 03:01 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, “একটি ফ্যাশন মাসের সূচি পুরোপুরি তৈরি থাকার মানে হচ্ছে, আমি এবং আমার সহকর্মীরা এই সময়ে নতুন নতুন ফ্যাশন সংগ্রহ তুলে ধরব সবার সামনে। আর এটা করতে হবে এমন সময়ে, যখন আমরা ইতিহাসের একটি হৃদয় বিদারক ও আতঙ্কজনক সময় পার করছি।”

সিএনএন এক প্রতিবেদনে লিখেছে, ফ্যাশন দুনিয়ায় অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মডেল হাদিদ তার ৭ কোটি ২০ লাখ ইনস্টাগ্রাম অনুসারীকে জানিয়েছেন, অতিব্যস্ত এই কাজের সূচি পরিবর্তন করার সুযোগ তার নেই। তবে তিনি দুর্দশায় থাকা মানুষকে সাহায্য করতে চান।

আর এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করার জন্য তিনি আরেক মডেল মিকা আরগানারাজের কথা বলেছেন।

ইনস্টাগ্রামে হাদিদ লিখেছেন, “আমার বন্ধু মিকা আরগানারাজের পদাঙ্ক অনুসরণ করে, আমি ইউক্রেইনের যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত, তাদের সহায়তার জন্য আমার শরৎ ২০২২ প্রদর্শনীর আয় দান করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

হাদিদ এ মাসে নিউ ইয়র্ক, লন্ডন, মিলান ও প্যারিসের একাধিক ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। এই আয় থেকে ফিলিস্তিনিদের জন্যও সহায়তা দেওয়ার কথা বলেছেন হাদিদ।

তিনি লিখেছেন, “সব ধরনের মানবিক অবিচারের প্রতি আমাদের চোখ ও হৃদয় খোলা রাখা উচিত। আমরা যেন নিজেদেরকে একে অন্যের ভাই ও বোন হিসেবে দেখতে পারি, রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্ম ও বর্ণ পরিচয়কে পেছনে ফেলে। দিনের শেষে যুদ্ধে নিরাপরাধ জীবনই ঝরে যায়, নেতারা নন।”

যুদ্ধে উদ্বাস্তু শরণার্থীদের জন্য ইউক্রেইনে জন্মগ্রহণকারী অভিনেত্রী মিলা কুনিস এবং তার স্বামী অভিনেতা অ্যাশটন কুচার ৩০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণার পরই হাদিদের পক্ষ থেকে সহায়তার ঘোষণা এল।

ব্লেইক লাইভলি ও রায়ান রেনলডসও ইউক্রেইনের শরণার্থীদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছেন।