‘গুণিন’ ও ‘শিমু’ মুক্তি পাচ্ছে শুক্রবার
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ও নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘শিমু’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শুক্রবার।
দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে পাঠানো আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শরিফুল রাজ ও পরীমনি জুটির প্রথম সিনেমা ‘গুণিন’; সিনেমার শুটিংয়ে করতে গিয়েই পরিচয় ও প্রণয়, পরে গাঁটছড়া বাঁধেন তারা।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে সিনেমার গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী।
পরিচালক সেলিম বলেন, “হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন, সবাই খুব ডেডিকেটেড ছিল।”
শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ সাভার, গাজীপুর এবং রাজশাহীর সিনেমা হলে প্রদর্শিত হবে।
এ সিনেমায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা।
দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।
বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত শিমু ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন।
