২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেঁটে ইউক্রেইন ছাড়তে হল শন পেনকে

ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের তথ্যচিত্র ধারণ করতে গিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। কিন্তু যুদ্ধের মধ্যে হেঁটে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড গেলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

ইউক্রেইনে রুশ সামরিক অভিযান শুরুর পর লাখ লাখ মানুষ পোল্যান্ডসহ পাশের দেশগুলোতে পালাতে শুরু করে।

পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় গত সোমবার শরণার্থীদের সঙ্গে পায়ে হেঁটে ইউক্রেইনের সীমান্ত পার হন হলিউড তারকা শন পেনও।

সীমান্তে লাগেজসহ নিজের একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, “রাস্তার পাশে গাড়ি ফেলে রেখে আমি ও আমার দুই সহকর্মী মাইলের পর মাইল হেঁটে পোলিশ সীমান্তে পৌঁছেছি।”

তিনি টুইটে আরও লিখেছেন, “এই ছবিতে দেখা যাওয়া প্রায় সব গাড়িতে কেবল নারী ও শিশু রয়েছে। বেশিরভাগই সব লাগেজ ফেলে দিয়েছে। গাড়িটিই তাদের এখন একমাত্র মূল্যবান সম্পদ।“

 

পেন গত সপ্তাহে ইউক্রেইনে গিয়েছিলেন ইউক্রেইনে রাশিয়ান আক্রমণের তথ্যচিত্রতে কাজ করার জন্য। তথ্যচিত্রটি প্রযোজনা করছে ভাইস স্টুডিওস।

গত বৃহস্পতিবার ইউক্রেইনের রাজধানী কিয়েভে একটি সরকারি সংবাদ ব্রিফিংয়ে পেনকে উপস্থিত থাকতে দেখা যায়। সেদিনই সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেইনের উপর রাশিয়ার আক্রমণের সম্পর্কে শনিবার থেকে একের পর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, “ইতোমধ্যেই একটি নিষ্ঠুর ভুল হয়ে গিয়েছে ও হৃদয় ভেঙেছে। আমি বিশ্বাস করি মি. পুতিন মানবজাতির জন্য সবচেয়ে ভয়াবহ ভুল করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেইনের জনগণ সাহস ও নৈতিকতার ঐতিহাসিক প্রতীক হিসেবে উদিত হয়েছেন।“

এর আগে গত নভেম্বরেও ইউক্রেইন সফর করেন শন পেন।  

গত সপ্তাহে অস্কারজয়ী এই অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতার প্রশংসা করে প্রেসিডেন্টের দপ্তরের একটি বিবৃতি ইউক্রেইনের দূতাবাসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

শন পেন অনেকদিন থেকেই অলাভজনক সংস্থার মাধ্যমে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ২০১০ সালে ‘কোর’ নামে ত্রাণ সংস্থাও প্রতিষ্ঠা করেন।