‘মুখোশ’ আসছে শুক্রবার
সরকারি অনুদানে নির্মিত তরুণ নির্মাতা ইফতেখার শুভ’র প্রথম চলচ্চিত্র ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে শুক্রবার।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলীসহ দেশজুড়ে ৩৮ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান পরিচালক শুভ।
মুক্তির আগে বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়।
পরিচালক শুভ বলেন, “শেষ পর্যন্ত বাধা পেরিয়ে ‘মুখোশ’ মুক্তি দিতে পারছি। করোনাভাইরাসের কারণে এতদিন মুক্তি দিতে পারিনি। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি দেখবেন; সেই সঙ্গে তাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাদের জানাবেন।”
এতে মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশানসহ কয়েকজন তারকা অভিনয়শিল্পী কাজ করেছেন।
মোশাররফ করিম বলেন, “সিনেমাটি করে আমি তৃপ্ত হয়েছি। এতে অভিনয় করে আমি আনন্দিত, আমার মনে হয় দর্শকরাও দেখে আনন্দিত হবেন। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করি সবার ভালো লাগবে।”
সিনেমায় একজন অপরাধ বিষয়ক প্রতিবেদকের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।
এ অভিনেত্রী বলেন, “আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। ‘মুখোশ’র বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, কিন্তু অভিষেকও তিনি দারুণ কাজ করেছেন।”
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়ার পর ‘মুখোশ’ সিনেমার প্রযোজনায় যুক্ত হয়েছে ব্যাচেলর ডট কম প্রডাকশন।
সিনেমার ‘মুখোশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এ গানের সঙ্গীতায়োজন ইমন চৌধুরী।
এ সিনেমার পরিবেশনার দায়িত্ব পেয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণের তা পেছানো হয়েছে।
