২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখপুত্রের সিনেমায় নামার গুঞ্জন

সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন গুঞ্জন চলছে বলিউডে। তবে বাবার মতো নায়ক হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 10:55 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার খবর দিয়েছে, চিত্রনাট্যকার হিসেবে একটি ওটিটি প্ল্যাটফর্ম এবং একটি ফিচার ফিল্মের জন্য গল্প লিখতে চলেছেন আরিয়ান।

একটি ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছেন আরিয়ান। আর যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানের ই রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে।

সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী। 

ওয়েব সিরিজের গল্পটি একজন ‘ডাই হার্ড ফ্যান’ তথা অন্ধ ভক্তকে ঘিরে আবর্তিত হবে।

আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি নেন।

তবে সম্প্রতি তিনি আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে।

অন্যদিকে, শাহরুখ তনয়া সুহানা খান চলচ্চিত্রে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তিনি নির্মাতা জোয়া আখতার পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বলেও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

এটি জনপ্রিয় আর্চি কমিকসের উপর ভিত্তি করে তৈরি হবে এবং প্রচারিত হবে নেটফ্লিক্সে।