২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাঙ্গুবাই’ নিয়ে আলিয়াকে খোঁটা কঙ্গনার

বলিউডে শত্রু বাড়িয়েই চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, তার এবারের লক্ষ্যবস্তু আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 09:04 PM

Updated : 25 Oct 2022, 10:15 AM

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়’র ট্রেলার ও গান মুক্তি পাওয়ার পর মহেশ ভাটের মেয়ে আলিয়া যখন প্রশংসিত, তখন তাকে খোঁটা দিলেন কঙ্গনা।

কঙ্গনা ইনস্টাগ্রামে যে দুটি স্টোরি শেয়ার করেছেন, তাতে কারও নাম ধরে না বললেও ‘গঙ্গুবাই’ আলিয়াকে নিয়ে যে কথাগুলো, তা বুঝতে অসুবিধা হয়নি।

কঙ্গনা লিখেছেন, “এই শুক্রবার ২০০ কোটি রুপি বক্স অফিসে পুড়ে ছাই হয়ে যাবে। একজন বাবার (মুভি মাফিয়া ড্যাডি) দুলালীর কারণে …  কারণ ড্যাডি প্রমাণ করতে চান যে রোমান্টিক কমেডির অভিনেত্রী অন্য কোন ধরনের অভিনয় করতে পারে।”

ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখেছে, আলিয়ার এই ‘ড্যাডি’ আসলে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক করন জোহর, যার বিরুদ্ধে স্বজনতোষণের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন কঙ্গনা।

আলিয়াকে ‘মাথামোটা সুন্দরী’ বলেও খোঁচা দেন কঙ্গনা।

মহেশকন্যা আলিয়ার সিনেমায় আসা করনের হাত ধরে হলেও গাঙ্গুবাইয়ের নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সিনেমাটিতে অজয় দেবগনেরও বিশেষ উপস্থিতি রয়েছে।

তবে এক্ষেত্রেও সঞ্জয়কে করন প্রভাবিত করেছেন বলে মনে করেন কঙ্গনা।

“বলিউড মাফিয়া ড্যাডি, যিনি একা হাতে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের সংস্কৃতিকে ধ্বংস করেছেন, তিনি অনেক বড় পরিচালককেও তিনি প্রভাবিত করেছেন।… এই শুক্রবারের সিনেমার মুক্তিতে এমনি একজন বড় নায়ক এবং সর্বশ্রেষ্ঠ পরিচালকও তার কারসাজির শিকার হয়েছেন।”

Image
গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাট।

গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাট।

কঙ্গনা বলছেন, ‘মুভি মাফিয়া’দের যতদিন ক্ষমতা আছে. ততদিন বলিউডের অবনতিই হবে।

“তারা শুধরাবে না, আশ্চর্যের কিছু নেই যে দক্ষিণ ও হলিউডের সিনেমাগুলো ইদানিং বেশি জনপ্রিয়তা পাচ্ছে।”

কঙ্গনা এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ থেকে আলিয়াকে অনুকরণ করা একটি ছোট মেয়ের একটি ভিডিওতে প্রবল আপত্তি জানিয়েছিলেন এবং লিখেছিলেন, ‘এই শিশুটির কি মুখে বিড়ি রেখে যৌনকর্মীর নকল করা উচিত এবং অশোভন ও অশ্লীল সংলাপ বলা উচিত? তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বয়সে তার এরকম করা কি ঠিক?”