কবীর সুমনের কথা-সুরে একুশের গানে আসিফ
উপমহাদেশের প্রখ্যাত সংগীতকার কবীর সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে শনিবার আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আর্ব এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
কবীর সুমন বলেন, "আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি, কী রকম গায়কী আমার চাই। অ্যারেঞ্জমেন্ট এর আইডিয়াও দিয়েছি কয়েকবার।
“আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি। তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।”
আসিফ আকবর বলেন, “কবির সুমনের মতো এত বড় মাপের সঙ্গীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার গায়কীর প্রতি তার আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”
কবীর সুমনের কথা-সুরে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
