২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ‘বিয়ের বয়স হয়নি’ রাশমিকার

বিয়ের বয়স হয়েছে- এখনই তা মানতে রাজি নন তেলেগু ভাষার সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্যা রাইজ’ এর নায়িকা রাশমিকা মান্দানা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:06 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

এনডিটিভি লিখেছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোণ্ডার সঙ্গে রাশমিকার চুটিয়ে প্রেম চলছে বলে গুঞ্জন রয়েছে। রাশিয়ায় ছুটি কাটাতে গিয়ে ভক্ত-অনুরাগীদের জন্য ইন্সটাগ্রামে নিয়মিত পোস্টও দিচ্ছেন এই নায়িকা।   

তবে বিয়ে নিয়ে ইন্ডিয়া টুডে যখন তার ভাবনা জানতে চাইল, রাশমিকা জবাব দিলেন, আসলে কী ভাবা যায় তাই তিনি বুঝে উঠতে পারছেন না!

“আমার আসলে এখনও বিয়ের বয়স হয়নি। আমি এ নিয়ে কিছুই ভাবিনি।”

তবে জীবনে ভালোবাসার মানুষটি কেমন হবে, তা নিয়ে ঠিকই ভেবেছেন এই নায়িকা।

“আমার কাছে মনে হয়, ভালোবাসা তখনই হয় যখন দুজন দুজনকে সম্মান করে, সময় দেয় এবং একে অন্যের সাথে নিরাপদ বোধ করে।

”ভালোবাসা বর্ণনা করে বোঝানো একটু মুশকিল; এটা একদমই অনুভূতির ব্যাপার। ভালোবাসা তখনই কাজ করে যখন দুজনই ভাবছে। এটা একপাক্ষিক নয়।”

আজকাল রাশমিকাকে বিজয় দেবরকোণ্ডার সাথে ডিনারে যেতেও দেখা যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

পুষ্পা: দ্যা রাইজ সিনেমার বাণিজ্যিক সাফল্যের পর এ বছরই এর সিক্যুয়েল পুষ্পা: দ্য রুল নির্মাণের কাজ শুরু হবে। আগামী মার্চ থেকে এই সিক্যুয়েলের শুটিংয়ে যোগ দেবেন রাশমিকা।  

‘মিশন মঞ্জু’ সিনেমা দিয়ে শিগগিরই বলিউডেও অভিষেক ঘটছে এই দক্ষিণী নায়িকার। তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্ত মালহোত্রাকে।

২০১৬ সালে চলচ্চিত্রে পা রাখা রাশমিকাকে দেখা যাবে বিগ-বি খ্যাত অমিতাভ বচ্চনের সঙ্গেও। ‘গুডবাই’ হবে রাশমিকার এরপরের বলিউড সিনেমা।