রিকশাভ্যানে চেপে কোথায় যাচ্ছেন তারা?
গলায় হার, হাতে কাচের চুড়ি আর লাল বেনারসি শাড়ির উপর কালো রঙের জ্যাকেটে বধূ বেশে ঢাকার ব্যস্ত রাস্তায় রিকশাভ্যানে চেপেছেন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী; তার সঙ্গী অভিনেতা আফরান নিশো।
মঙ্গলবার সকালে এমন একটি ভিডিও ফেইসবুকে পোস্টে করে মেহজাবীন জানতে চেয়েছেন, তারা কোথায় যাচ্ছেন?
ভিডিওতে দেখা যাচ্ছে, মেহজাবীনদের ভ্যানগাড়ির পেছন পেছন ক্যামেরা নিয়ে ছুটছে আরেকটি ঠেলাগাড়ি ।
‘লাফ’ নামে একটি নাটকের শুটিংয়ের দৃশ্য এটি; নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ভালোবাসা দিবসে আরটিভিতে নাটকটি প্রচার হয়েছে।
নাটকের গল্পটা এমন- বিয়ের আয়োজনের মধ্যে বাড়ি থেকে পালান মেহজাবীন, পথে দেখা হয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিশোর সঙ্গে। মেহজাবীনকে তার বাসায় পৌঁছে দিতেই ভ্যান গাড়িতে চেপে বসেছিলেন তারা।
মুশফিকুর রহমান মঞ্জুর প্রযোজনায় নাটকটি লিখেছেন রাশাত রহমান জিকো।
