কৈশোরের বিতার্কিক, তারুণ্যে নায়িকা; কে তিনি?
স্কুলশিক্ষকদের সামনে আকাশি-সাদা রঙের ইউনিফরম পরিহিত চার কিশোরীর মধ্যে একজন ঢাকাই সিনেমার নায়িকা হয়েছেন; অভিনয়ের পাশাপাশি নাচ, গান ও উপস্থাপনায়ও পরিচিতি পেয়েছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বিতার্কিক থেকে অভিনেত্রী।”
দুটি ছবির মধ্যে একটিতে তাকে সহজেই চেনা গেলেও দশ বছর আগে স্কুলজীবনের সহপাঠীদের সঙ্গে তোলা ছবিতে সেই নায়িকাকে খুঁজতে মনোযোগ বাড়াতে হয়েছে কারও কারও।
কেউ কেউ পোস্টের মন্তব্যের ঘরে প্রশ্ন ছুড়েছেন, ছবিতে আপনি কোনজন? ইউনিফর্ম দেখে স্কুলের ঠিকুজি উদ্ধারের চেষ্টাও করছেন অনেকে।
ভক্তদের তরফ থেকে ধাঁধার উত্তর এসেছে; ছবিতে প্রথম সারির বাম থেকে দ্বিতীয়জন মূলত সেই নায়িকা। যিনি পড়াশোনা করেছেন শহীদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজর স্কুল শাখায়।
বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতায় স্কুলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি। ঢাকার যানজট নিরসন নিয়ে এক বিতর্কের আয়োজনে তার একটি বক্তব্য বছর তিনেক আগে ভাইরাল হয়েছিল ফেইসবুকে।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানেও সরব ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল ফারিয়ার। পরে ‘হাবিবি’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামে আরও দুই গানে কণ্ঠ দেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করলেন তিনি; সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।
