২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম্পত্যে ভালোবাসা বাঁচে কীভাবে?

১৯৬৫ সালের ৩০ জুনের সেই যাত্রার পর কেটে গেছে ৫৬ বছরেরও বেশি সময়। দীর্ঘ পথচলায় কখনও দেখা দিয়েছে মতপার্থক্য, খুনসুটি কখনও গড়িয়েছে মান-অভিমানে; কিন্তু ভালোবাসাকে ছাপিয়ে যেতে পারেনি কোনো কিছু।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 12:43 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

‘সেই যাত্রা’ তারকা দম্পতি অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও নৃত্যশিল্পী লায়লা ইমামের যুগল জীবন শুরুর।

পাঁচ দশকের বেশি সময় ধরে মুগ্ধতা ছড়িয়ে সংসার সামলে যাচ্ছেন তারা। সকল কাঁটা ধন্য করে জীবনজুড়ে ভালোবাসা ধরে রাখার মন্ত্র তারা বললেন নতুন প্রজন্মের উদ্দেশে।

প্রেম থেকে পরিণয়ের পর অনেকেই সংসারের সমীকরণে মতবিরোধ এড়াতে পারেন না। নানা জটিলতায় বিচ্ছেদের সংখ্যা বাড়ছে এখন নিয়মিতই। আগের চেয়ে বাড়তে থাকা এমন বিষাদের খবরে উজ্জ্বল ব্যতিক্রম এ তারকা জুটি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসানের কাছে ভালোবাসা হচ্ছে আত্মার এক নিবিড় সম্পর্ক।

“শুধু স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয়; মা-বাবা, ভাইবোনদের নিবিড় একটা পবিত্র সম্পর্কই ভালোবাসা। যেখানে কোনো ছেদ নেই। ভালোবাসা তো প্রবাহমান। এটা একদিনের ব্যাপার না। প্রতিদিনই ভালোবাসার।”

সম্পর্ক সুন্দর রাখতে সহনশীলতা ও ধৈর্যশীল আচরণের পাশাপাশি পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে, মনে করেন গুণী এই নৃত্যশিল্পী।

Image
হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

এই তারকা শিল্পী বলেন, সমঝোতাটা নিজেদের মধ্যে করে নিতে হয়। ভালোবাসার সম্পর্কে সম্মান, শ্রদ্ধাবোধ থাকতে হয়। এটা থাকলে সম্পর্কটা আরও ভালো হয়।

নিজেদের বোঝাপড়ার বিষয়ে তিনি বলেন, “আমাদের বয়সের তফাৎ ১০-১২ বছর। তার মধ্যে তিনি আমাকে যথেষ্ট সম্মান দেন। আমিও ওনাকে সম্মান করি। একজন অন্যজনের পছন্দকে গুরুত্ব দেই।”

পুরস্কারজয়ী অভিনেতা ও আবৃত্তি শিল্পী হাসান ইমামের মতে, পাওয়াটাকে বড় করে দেখে, না পাওয়াটাকে ছোট করে দেখলেই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়।

“কারণ প্রাপ্তিটাই বড়, অপ্রাপ্তির কোনো শেষ নাই। সেজন্য স্বামী-স্ত্রীর বোঝা-পড়া, বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ।”

প্রচারের যুগে নির্দিষ্ট দিনে দিবস হিসেবে ভালোবাসাকে উদযাপনের ‘বিদেশি সংস্কৃতিতে’ আপত্তি রয়েছে তার।

“আমাদের দেশীয় সংস্কৃতির ওপর নির্ভর করেই আমাদের জীবন কেটেছে। আমরা যৌথ পরিবারের মানুষ, ‍বিশাল যৌথ পরিবারে আমাদের একটি পরিবারের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি অনুযায়ী ছেলে-মেয়েদের বড় করা হত।”

পৈত্রিক নিবাস বাগেরহাটে থাকতে বর্ধমান থেকে হাসান ইমাম ও তার বড় ভাই ঢাকায় চলে এসেছিলেন। তার মা থেকে যান বর্ধমানের যৌথ পরিবারে। পরে পড়াশুনা করতে ভাই চলে যান যুক্তরাজ্যে।

হাসান ইমাম ভয়েস অব আমেরিকায় নাটকে অভিনয় করার সময় ১৯৬৪ সালে পরিচিত এক বড় ভাইকে পাত্রী দেখতে বলেছিলেন। সেই সূত্রে বন্ধুরা মিলে পাত্রী দেখা হল। লায়লা হাসান তখন নাচ-গান করতেন।

সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, “তখন সেগুনবাগিচায় ভয়েস অব আমেরিকার অফিসে তাকে (লায়লা হাসান) ডাকা হল, তাকে একটা অনুষ্ঠানে কাস্ট করা হল। সে জানত না তাকে কেন ডাকা হয়েছে। আমার বন্ধু-বান্ধবরা তাকে দেখার পর মত দিল যে, কথাবার্তা চলতে পারে। তখন আমার মাকে খবর দেওয়া হল।”

কিছুদিন কথাবার্তার পর বিয়ে সারেন তারা। ১৯৬৫ সালের ৩০ জুনের সেই দিন এখন ৫৬ বছরেরও বেশি সময় আগের স্মৃতি হলেও তাদের কাছে এই তো সেদিনের কথা মনে হচ্ছে।

Image
হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হাসান ইমাম বলেন, এই দীর্ঘ পথচলায় তাদের মধ্যে মতপার্থক্য এসেছে, কিন্তু তা ভালোবাসার চেয়ে প্রবল হয়ে ওঠেনি।

“আমরা দুইজনই সংসারটাকে খুব ভালবাসি। সংসারে যে ঝগড়া-ঝাঁটি হয় না, তা না। নানা বিষয় নিয়ে ঝগড়া-ঝাঁটি হয়, মতপার্থক্য হয়। যেহেতু আমরা দু’জন আমাদের সংসার এবং সন্তানদের খুব ভালোবাসি, তাই সংসারের ব্যাপারে আমরা দায়িত্বশীল।"

নাচের পাশাপাশি অভিনয়ে প্রশংসা কুড়ানো লায়লা হাসান জানালেন, বিয়ের পরপরই হাসান ইমাম বলেছিলেন- ‘একজন রাগ করলে আরেকজন চুপ থাকবে’। এমন বোঝাপড়া তাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর করেছে।

“এটি উনিই বেশি মানেন। আমি বকবক করি বেশি। উনি কম কথা বলেন। আবার ঝগড়া হলে আমি চুপচাপ থাকতাম। গাল ফুলিয়ে বসে থাকতাম। উনি নিজেই স্বাভাবিকভাবে কথা বলতেন। এভাবেই ব্যাপারটা স্বাভাবিক হয়ে যেত।”

“আসলে আমরা সংসার করব, একসাথে থাকব সেজন্যই তো বিয়ে করেছি। এটাই ঠিকানা। স্বাধীনভাবে থাকব, অত্যাচারিত বা লাঞ্ছিত হয়ে না। এটাও ভাবতে হবে যে, আমারও কিছু বলার থাকবে। অধিকারটা থাকবে, আমি দ্বিতীয় শ্রেণি হয়ে থাকব না, সমান সমান হয়েই থাকব।”

তারকা এ দম্পতির তিন সন্তান। বড় মেয়ে সৈয়দা তানজীনা ইমাম সঙ্গীতা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। মেজ মেয়ে সৈয়দা রুমনাজ ইমাম রুমঝুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বর্তমানে তিনি কানাডায় বাস করছেন। ছেলে সৈয়দ তাসবির ইমাম স্বাক্ষর ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করছেন এবং একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধানের দায়িত্বে রয়েছেন।

লায়লা হাসানের অভিজ্ঞতায়, স্বামী যদি স্ত্রীকে প্রাধান্য দেয়, তাহলে পরিবারের বা শ্বশুরবাড়ির প্রত্যেকে তাকে প্রাধান্য দেবে, সম্মান দেবে।

“যে বাড়িতে স্বামী তার স্ত্রীকে প্রাধান্য দেয় না, সেখানে কেউই তাকে প্রধান্য দেবে না, সন্তানরাও না। উনি সব কিছুতেই সন্তানদের বলতেন, আমাকে জিজ্ঞেস করে করতে।”

তিনি জানান, বিয়ের পর জন্মদিনে তার স্বামী শার্টের ভিতরে লুকিয়ে শাড়ি নিয়ে এসেছিলেন তাকে চমকে দিতে। এমন অনেক ভালো লাগা যোগ হয়েছে পাঁচ দশকের পথচলায়।

Image
হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

হাসান ইমাম-লায়লা হাসান দম্পতি

পরিসংখ্যান বলছে, যত সময় যাচ্ছে, দেশে বিচ্ছেদের সংখ্যাও বাড়ছে। দূরত্ব এড়াতে ‘সম্পর্ক যাতে দেখানো না হয়’ সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন এই নৃত্যশিল্পী।

 “একেক জনের ভালোবাসার অনুভূতি একেকরকম। সহনশীল হতে হবে। শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং বোঝাপড়াটা ঠিক করতে হবে।

“এখন সমবয়সীদের বিয়ে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের অল্পতেই যেন অন্যরকম চিন্তা মাথায় না আসে। দুজনে মিলেই সংসারটা করতে হবে।”

অভিনয় ও আবৃত্তিতে তারকাখ্যাতি পাওয়া হাসান ইমাম মনে করেন, সামাজিক ও জাতীয় পরিচিতি তাদের আরও ঘনিষ্ঠ বন্ধনে জড়িয়ে রেখেছে। তবে ব্যস্ততার মধ্যেও সুন্দরভাবে সংসার সামলানোয় তিনি কৃতিত্ব দিচ্ছেন স্ত্রীকে।

“উনি ফিল্মের লোক হলেও অসম্ভব ঘরোয়া। সবার খোঁজ নেন। এমনকি কাজের লোকদের খাবার আছে কি না তা হাঁড়ি এনে দেখতে চাইতেন। অনেক যত্নশীল।”

“আমরা দুজন দুভাবে করেছি। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ায় ভালো। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার স্ত্রীর। আর পরিবারের যে স্বাচ্ছন্দ্য সেটার দেখাশুনা আমরা করেছি, যাতে তারা আর্থিক ব্যাপারে কষ্ট না পায়। সেই দায়িত্বটা আমি নিয়েছি।”

তবে এ দম্পতির দুই মেয়ে ও ছেলের পড়াশুনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে স্বামীর অবদানকেই দেখছেন লায়লা হাসান।

“উনি বাচ্চাদের পড়াশুনায় খুব সিরিয়াস ছিলেন। কোথা থেকে কোন বই এনে দেবেন, তাদের পড়াশুনার খেয়াল রাখতেন।”

উচ্চ মাধ্যমিক পাসের পরই বিয়ে হয় লায়লা হাসানের। হাসান ইমাম তাকে পড়াশুনা চালিয়ে যেতে বলেন। ততদিনে মা হয়ে গেলেও পুত্রবধূকে পড়াশুনা চালিয়ে যেতে উৎসাহ দেন শ্বাশুড়ি, যাকে বড় মেয়ে হিসেবেই দেখতেন তিনি।

হাসান ইমাম বলেন, “বড় মেয়ের দায়িত্ব মা নিলেন। আর ওকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া-আসা আমিই করতাম। এভাবেই অনেক চেষ্টা ও কষ্ট করে মাস্টার্স পাস করেছে। এ কারণে সে পরবর্তীতে অনেক এগিয়েছে। সে ঢাবির সিনেটের সদস্য। একুশে পদক পেয়েছে। এভাবে নিজের চেষ্টায় নানাভাবে অনেক কিছু অর্জনও করেছে।”

এসব অর্জনের জন্য শ্বাশুড়ির অবদানকে স্মরণ করে লায়লা হাসান জানান, ভালোবাসা শুধু স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার বিষয় না।

“শ্বাশুড়িকে তার ছেলের বউকে মেয়ে ভাবতে হবে, আর বউকে তার শ্বাশুড়িকে মা ভাবতে হবে। যে যার জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করলে সম্পর্ক ভালো থাকে।”