২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি

কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 09:04 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইইউতে থাকা লতাকে এখন কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে বলে শনিবার জানিয়েছে এনডিটিভি।

৯২ বছর বয়সী লতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১১ জানুয়ারি থেকে এই হাসপাতালে ভর্তি।

লতা করোনাভাইরাসমুক্ত হওয়ার পর নিউমোনিয়ায় আক্রান্ত হন বলে জানিয়েছেন হাসপাতালটিতে তার চিকিৎসায় থাকা চিকিৎসক প্রতীক সামদানি।

তিনি বলেন, “তিনি এখন আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন, কারণ তার অবস্থার অবনতি হয়েছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি আমরা।”

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে লতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

১৯২৯ সালে জন্ম নেওয়া লতা ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ নামে খ্যাত। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি ‘ভারতরত্ন’ খেতাবে ভূষিত, যা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। ২০১৯ সালে ভারত সরকার তাকে ‘ডটার অব দ্য নেশন’ খেতাবেও ভূষিত করে।

৩৬ ভাষাতে গান গাওয়া লতার গাওয়া অসংখ্য বাংলা গান কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে। তার বোন আশা ভোঁসলেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

লতার গানের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম বাজারে এসেছে ২০০৪ সালে।