২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমিক্রনে আটকে গেল গ্র্যামি

মহামারীর থাবা এবারও পড়ল গ্র্যামিতে, করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত হল ৬৪তম আসর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 10:05 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

কোভিড মহামারীর কারণে ২০২১ সালেও জানুয়ারিতে গ্র্যামি অ্যাওয়ার্ড ঘোষণা স্থগিত ছিল। শেষ পর্যন্ত মার্চে লস এঞ্জেলেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হয়েছিল।

এবার ৩১ জানুয়ারি আসর বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ দিন দিন বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হল বলে বৃহস্পতিবার জানিয়েছে সিএনএন।

ইউএস রেকর্ডিং একাডেমি ও সিবিএস এক যৌথ বিবৃতিতে বলেছে, “শহর এবং রাজ্যের কর্মকর্তা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পী সম্প্রদায় এবং আমাদের অনেক অংশীদারদের সঙ্গে বিবেচনা এবং বিশ্লেষণের পরে, রেকর্ডিং একাডেমি এবং সিবিএস ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কার স্থগিত করেছে।”

ভবিষ্যতে এ অনুষ্ঠানটি আয়োজন করা হলে সেই তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এবারের অনুষ্ঠানটি লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘ক্রিপ্টো ডট কম এরেনা’য় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপস্থাপনার দায়িত্বে ছিলেন ‘দ্য ডেইলি শো’র ট্রেভর নোয়াহ।

সঙ্গীতের পুরস্কার গ্র্যামি বা গ্র্যামি অ্যাওয়ার্ড দিয়ে থাকে দি ইউএস রেকর্ডিং কোম্পানি। ৬২ বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে।