কমান্ডো: থাইল্যান্ডে দেবের শুটিং পেছাল
টালিগঞ্জের অভিনেতা, তৃণমূল কংগ্রেসের এমপি দেবের প্রথম বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র শেষভাগের দৃশ্যধারণের কাজ এক মাস পিছিয়েছে।
এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংককে এ সিনেমার শুটিংয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া; তবে তা পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেওয়া হয়েছে বলে জানান পরিচালক শামীম আহমেদ রনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে ব্যাংককে দেব, জাহারা মিতুসহ সিনেমার আরও কয়েকজন অভিনয়শিল্পী শুটিং করবেন।
ব্যাংককে শুটিং শেষ করে ঢাকায় এসে চারদিনের মতো শুটিং করলেই এ সিনেমার দৃশ্যধারণ শেষ হবে বলে আশা করছেন প্রযোজক সেলিম খান।
তিনি জানান, এর আগে কলকাতার বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে; চলতি বছরের জানুয়ারি ও এপ্রিলে দুই দফায় বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।
গত বছরের ডিসেম্বরে সিনেমার টিজার প্রকাশ করেছিল শাপলা মিডিয়া। সেই টিজার দেখে ‘দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কষ্ট পাওয়ায়’ তা সরিয়ে নেওয়া হয় বলে পরে এক বিবৃতিতে জানিয়েছিলেন পরিচালক শামীম আহমেদ রনি।
এ সিনেমায় দেব, জাহারা মিতু ছাড়াও মাজনুন মিজান, ফজুলুর রহমান বাবু, শিবা শানুসহ আরও অনেকে অভিনয় করছেন।
