প্রিয় মানুষদের জন্য উপহার নিয়ে এলেন পরীমনি
মুক্তির অপেক্ষায় থাকা ‘মুখোশ’ চলচ্চিত্রের টাইটেল গানের মুক্তির আয়োজনে যোগ দিয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমনি জানালেন, নতুন বছরের উপহার হিসেবে গানটি দর্শক, ভক্ত ও সংবাদকর্মীদের জন্য প্রকাশ করা হয়েছে।
নতুন বছরের দ্বিতীয় দিন রোববার সকালে মাদক মামলায় আদালতে হাজিরা দিয়ে রাতে বনানীর এক রেস্টুরেন্টে গানটি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন পরীমনি।
এ সিনেমায় অপরাধ বিষয়ক প্রতিবেদকের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
তিনি বলেন, “হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।”
আব্রাহাম তামিমের কথা ও আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘মুখোশ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক ইফতেখার শুভ।
২১ জানুয়ারি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন তিনি; তার আগে টাইটেল গানটি প্রকাশ করা হলো।
সিনেমাটি নিয়ে ইফতেখার শুভ বলেন, “এটি আমার প্রথম সিনেমা, ফলে চিন্তা ও উত্তেজনা দুটাই বেশি। টাইটেল গানসহ সিনেমার প্রত্যেকটি গান দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
সিনেমার পরিবেশন দায়িত্ব পেয়েছেন ক্রপ ক্রিয়েশন।
