২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কখনও ইসরায়েলে যাইনি, ভ্রমণের নথি ‘ফটোশপ’: অনন্ত জলিল

অভিনেত্রী স্ত্রীকে নিয়ে অনন্ত জলিলের ইসরায়েলে ভ্রমণের যে খবর ফেইসবুকে ছড়িয়েছে, তা ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এই চিত্রনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মকফুল হোসেন সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 08:00 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

তিনি বলেছেন, তারা কখনোই ইসরায়েলে যাননি; সেই নথিগুলো ‘ফটোশপে’ তৈরি করা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশটিতে যাওয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশের চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী পারভীন খাদিজা বর্ষার সেই দেশে ভ্রমণের কিছু ‘নথি’ সম্প্রতি ফেইসবুকে আসে। তাতে দাবি করা হচ্ছে, অনন্ত জলিল ও বর্ষা ২০১৬ সালের ১৭ থেকে ২১ জুন পর্যন্ত চার দিন ইসরায়েলে কাটিয়েছেন।

এক ফেইসবুক পোস্টে ‘অনন্ত জলিল ও বর্ষার’ ইসরায়েলে প্রবেশ ও বহির্গমনের তথ্য সম্বলিত দেশটির বর্ডার কন্ট্রোল কার্যালয়ের নথি যুক্ত করা হয়।

Image
ছবি: ফেইসবুক থেকে।

ছবি: ফেইসবুক থেকে।

দুই দিনের ব্যবধানে প্রায় দুই হাজারের মতো ফেইসবুক ব্যবহারকারী সেই পোস্টে প্রতিক্রিয়া জানান, পোস্টটি শেয়ার হয়েছে ১২৯ বার।

ওই নথির সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অনন্ত জলিল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্য ও বানোয়াট; ফটোশপে বানানো হয়েছে।

এর পেছনে ‘তার কোম্পানির সাবেক সিইও আবদুল আহাদ খানের হাত দেখছেন’ বলে অভিযোগ তোলেন অনন্ত জলিল।

ব্যবসায়ী অনন্তর দাবি, ২০১৬ সালে ৭ মাসের জন্য দায়িত্ব পালন করেন আহাদ; পরে কোম্পানির ৩ কোটি টাকা নিয়ে পালিয়ে যান তিনি।

“ও (আহাদ) এই কাজটা (ইসরায়েল ভ্রমণের নথি তৈরি) করেছে। আমরা যখন বুঝতে পারলাম ও একটা বাটপার, তখন তাকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করি। এর মধ্যেই ২০১৭ সালে এক রাতে ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে।

ইসরায়েল ভ্রমণে গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী  

“ও যেহেতু কোম্পানির সিইও ছিল ফলে সিগনেচরি অথরিটিও তার ছিল। ওর নামে আমরা মামলাও করেছি। সাভার থানায় মামলা আছে, কোর্টে মামলা আছে। বাংলাদেশের ডিবি যখন ধরেছিল, তখন ওর কাছে ডিবি ১২টা পাসপোর্ট পেয়েছিল।”

ইসরায়েলে ভ্রমণের ‘এডিট করা’ নথি দুই বছর আগেও তার কাছে এসেছিল বলে জানান ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রের অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল।

“এগুলো সব বানানো। বাংলাদেশ থেকে কেউ ইসরায়েল যাইতে পারবে? এগুলো সব বানানো। ও (আহাদ) নাম চেঞ্জ করেছে, ছবি চেঞ্জ করেছে।”

আহাদ খান তাদের ‘ইসরায়েলে ভ্রমণের নথি ফটোশপ করে’ কেন ছড়াবেন?-এমন প্রশ্নের জবাবে প্রযোজক-অভিনেতা অনন্ত বলেন, “আমরা মামলা করেছি, উলটা সে বিভিন্ন জায়গায় দেখানোর জন্য এটা করেছে। এগুলো নিয়ে অনেকের কাছেই ট্রাই করেছে। এগুলো নিয়ে তদন্ত করা হয়েছে। হান্ড্রেড পারসেন্ট মিথ্যা।”

Image
ছবি: ফেইসবুক থেকে।

ছবি: ফেইসবুক থেকে।

সেটা কীভাবে সম্ভব?-এ প্রশ্নের জববে অনন্ত জলিল বলেন, “এটা যে কেউ করতে পারবে ফটোশপে। পৃথিবীতে সব কিছুই সম্ভব। ইংল্যান্ডের পাসপোর্টে ফটোশপে গিয়ে নাম চেঞ্জ করতে পারবেন। যে কোনো কাগজের মধ্যে ফটোশপে বসে বসে যা খুশি করতে পারবেন। ও (আহাদ খান) তো পৃথিবীর নাম্বার ওয়ান বাটপার।”

অনন্ত জলিলের ধারণা, আহাদের সঙ্গে বাংলাদেশেরও অনেক লোকের ‘যোগাযোগ’ আছে, না হলে ‘এত বড় ক্রাইম’ কেউ করতে পারে না।

“ও যখন পালায়ে গেছে তখন আমরা নিজেরাই ওর নামে মামলা করেছি। ওর নামে রেকর্ড আছে, ডিবি তাকে ধরেছিল। কয়েকদিন আগে খবরে দেখলাম, মালয়েশিয়ার পুলিশ তাকে খুঁজতেছে।”

এরআগে বিভিন্ন গণমাধ্যমে খবরে এসেছিল, মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গ ও কোম্পানি খুলে দুর্নীতির অভিযোগে আবদুল আহাদ খান নামের এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন বিভাগ।

তৈরি পোশাক খাতের ব্যবসায়ী অনন্ত জলিল নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে যুক্ত হন; ২০১০ সালে ‘খোঁজ-দ্যা সার্চ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হয় তার। তার স্ত্রী বর্ষাও একজন অভিনেত্রী; তারা জুটি বেঁধে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।