২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও কলকাতার উৎসবে ‘আজব কারখানা’

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র ‘আজব কারখানা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 05:33 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে সিনেমাটি প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সিনেমা ২০১৬-২০১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান সহায়তা লাভ করে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সামিয়া জামান।

২০২২ সালের ৭-১৪ জানুয়ারি কলকাতার নন্দনে বসছে কলকাতা চলচ্চিত্র উৎসব, ১৫-২৩ জানুয়ারি ঢাকায় বসছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেতা, নির্মাতা ও প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য।

এ চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবানী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

 এ সিনেমায় ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপায়ন করা হয়েছে। 

এর মধ্যে তিনটি গানের সঙ্গীতায়োজন করেছে ভাইকিং এবং একটি গান করেছে লাবিক কামাল গৌরব,আরেকটি ব্লুজ গান করেছে ব্যান্ড সেভেন মিনিটস । ছবিটির আবহসংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।  ছবিটির ক্যামেরায় ছিলেন এনামুল হক সোহেল।  সম্পাদনা করেছেন যৌথভাবে শঙ্খজিৎ বিশ্বাস ও রকিব রানা। শব্দ আয়োজন অমিত কুমার দত্ত। শিল্প নির্দেশক ছিলেন রঞ্জন রাব্বানী।

প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর জন্মসাথী ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।