করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর
ঢাকাই সিনেমার এক সময়ের সাড়াজাগানো চিত্রনায়িকা শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বুধবার এক ফেইসবুক পোস্টে জানান তিনি।
করোনাভাইরাস নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাবনূর।
হাসপাতাল থেকে দেওয়া ফেইসবুক পোস্টে এ চিত্রনায়িকা লিখেছেন, “আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করুন।
“আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি।“
ছেলেকে নিয়ে কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছে এ চিত্রনায়িকা; তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও সিডনিতে থাকেন।
তিনি মাঝে-মধ্যে দেশে ফেরেন তিনি; দু’একটি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেও দেখা যায় তাকে। কয়েক বছর আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহর সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়; তাদের অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তুমি আমার’সহ বেশ কয়েকটি সিনেমা ছিল বেশ ব্যবসা সফল।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
জন্মদিনে ছেলের জন্য শাবনূরের চাওয়া
করোনাভাইরাসের বিরুদ্ধে শাবনূরের লড়াইয়ের মধ্যে সোমবার একমাত্র ছেলে আইজান নেহানের অষ্টম জন্মবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন শাবনূর।
আরেক এক ফেইসবুকে পোস্টে শাবনূর লিখেছেন, “ভালবাসি আমার কলিজার টুকরা বাবাটাককে। মহান আল্লাহপাক যেন তোমাকে সৎ, সুন্দর ও নেক দীর্ঘ জীবন দান করেন।”
অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনিক মাহমুদ ও শাবনূরের সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলের জন্ম হয়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নেহান শাবনূরের সঙ্গেই থাকে।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর জানিয়েছিলেন, তিনি পুত্রকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান।
“আমি চাইব, ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠুক। ও যা হতে সেটাই হবে হবে। আমার যেমন পরিকল্পনা ছিল, তেমনি আমি নায়িকা হয়েছি। আইজানও তার মতো করে কোনো পেশা বেছে নেবে।”
