২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রকে নিয়ে অস্ট্রেলিয়ায় শাবনূর

একমাত্র পুত্র আইজান নেহানকে স্কুলে ভর্তি করাতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা শাবনূর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 09:20 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

তার স্বামী অনিক মাহমুদ রোববার সন্ধ্যায় গ্লিটজকে এ কথা জানান। তিনি জানান, দিন দশেক আগে সিডনি গেছেন শাবনূর। ছেলের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে মাস তিনেক পর দেশে ফিরবেন তিনি।

পুত্রকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান শাবনূর। গত জন্মদিনে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে পুত্রকে নিয়ে বলেছিলেন, “আমি চাইব, ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠুক। ও যা হতে সেটাই হবে হবে। আমার যেমন পরিকল্পনা ছিল, তেমনি আমি নায়িকা হয়েছি। আইজানও তার মতো করে কোনো পেশা বেছে নেবে।”

২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের দুই বছরের মাথায় স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় থিতু হন তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের পুত্রের জন্ম হয়। পুত্রের জন্মের পর তার বিয়ের খবর গণমাধ্যমে আসে।

সিডনিতে তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন। সেখানে স্থায়ীভাবে ব্সবাস করলেও মাঝে-মধ্যে দেশে ফেরেন তিনি; দেখা যায় দু’একটি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রেও।

সবশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি; তবে এখনও ছবিটির শুটিং শেষ হয়নি।

প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।