সানি লিউনির নাচের ভিডিও নিষিদ্ধের দাবি
রাধা হয়ে মধুবনে নেচেছিলেন সানি লিউনি; কিন্তু তা অশ্লীল ঠেকছে পুরোহিতের কাছে, তাই তিনি এই মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন।
‘মধুবন মে রাধা নাচে’ এই গানটি প্রথ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির। ১৯৬০ সালে কোহিনূর চলচ্চিত্রে এই গান গেয়েছিলেন তিনি।
গত বুধবার সারেগামা মিউজিক এই গানটি নিয়ে তাদের যে নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ প্রকাশ করে, তাতে রাধারূপে নাচের ঝড় তোলেন বলিউডের হালের তারকা সানি লিউনি।
রাধা-কৃষ্ণের প্রেমকাহিনীর এই গান হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো চটুল বলে সোশাল মিডিয়ায় আলোচনা চলছিল।
এর পরপরই মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ এই মিউজিক ভিডিওটি নিষিদ্ধের দাবি তোলেন বলে এনডিটিভি জানিয়েছে।
তিনি বলেছেন, “সরকার যদি এই ভিডিও অ্যালবাম নিষিদ্ধ না করে তবে আমরা আদালতে যাব।”
সানি লিউনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন তিনি। সানি লিউনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দিয়েছেন।
কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিউনি এক সময়ে পর্ন তারকা ছিলেন। সেই জগত ছেড়ে ২০১২ সালে বলিউডে নাম লেখালেও বিতর্ক তাকে ছাড়ছে না।
