পানামা পেপার্স: ঐশ্বরিয়াকে জিজ্ঞাসাবাদ
‘পানামা পেপার্সে’ নাম আসার পর বিদেশে থাকা সম্পদের খোঁজে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সোমবার দুপুরে তদন্ত সংস্থাটির দিল্লি কার্যালয়ে তাকে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
তবে এ বিষয়ে ঐশ্বরিয়া রাই কিংবা বচ্চন পরিবারের কোনো বক্তব্য আসেনি গণমাধ্যমে।
২০১৬ সালে ফাঁস হওয়া ‘পানামা পেপার্স’-এ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনসহ ভারতের ভারতের রাজনীতিবিদ, খেলোয়াড়সহ ৩০০ জনের নাম আসে, যারা কর ফাঁকি দিয়ে বিদেশে বিনিয়োগ করেন বলে অভিযোগ ওঠে“।
অফশোর কোম্পানির মাধ্যমে কর এড়াতে দেশের বাইরে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগের মুখে ২০১৭ সালে তাদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি।
এর মধ্যে দুইবার ঐশ্বরিয়ার বক্তব্য জানতে নোটিস পাঠানো হলেও সময় চেয়েছিলেন তিনি; তৃতীয় বারের নোটিসে হাজির হলেন ৪৮ বছর বয়সী এ তারকা।
গত ১৫ বছরে বিদেশ থেকে আয়ের নথি দাখিল করেছেন ঐশ্বরিয়া।
অফশোর কোম্পানি ‘অ্যামিক পার্টনার্স লিমিটেড’ নামে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে ২০০৪ সালে যুক্ত ছিলেন ঐশ্বরিয়া। তবে পরে তিনি ওই কোম্পানি থেকে সরেও আসেন।
অভিনেতা অমিতাভ বচ্চন ভারতের বাইরে তিনটি অফশোর শিপিং কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছেন করে অভিযোগ উঠেছিল।
তবে ২০১৬ সালে সেই অভিযোগ উড়িয়ে অমিতাভ বলেন, “ইন্ডিয়ান এক্সপ্রেসের বলা এমন কোনো কোম্পানির কথা আমার জানা নেই।
“আমি আমার কর ঠিকমতো পরিশোধ করেছি, এমনকি বিদেশের মাটিতে যা যা খরচ করেছি তার উপরও কর দিয়েছি। বিদেশে গিয়ে আমি যা লেনদেন করেছি সব আইন অনুযায়ী হয়েছে।”
