'পানামা পেপারস’-এ বচ্চনদের নাম
কর এড়াতে দেশের বাইরে অর্থ সরিয়ে নেয়াদের যে তালিকা আলোয় এসেছে ‘পানামা পেপারস’ ফাঁসের জের ধরে, সেখানে নাম রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনেরও। এদিকে এ ধরনের কোনো লেনদেনের সঙ্গে জড়িত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন বচ্চনরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস দাবী করছে, ভারতের বাইরে তিনটি অফশোর শিপিং কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছেন বিগবি, তার আয়কর বিবৃতিতে যার উল্লেখ নেই।
তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সিনিয়র বচ্চন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, "ইন্ডিয়ান এক্সপ্রেসের বলা এমন কোন কোম্পানির কথা আমার জানা নেই।"
বর্ষীয়ান এই অভিনেতার দাবী, সম্ভবত তার নামের অপব্যবহার করার চেষ্টা করছে একটি চক্র।
অমিতাভ আরো বলেন, "আমি আমার কর ঠিকমতো পরিশোধ করেছি, এমনকি বিদেশের মাটিতে যা যা খরচ করেছি তার উপরও কর দিয়েছি। বিদেশে গিয়ে আমি যা লেনদেন করেছি সব আইন অনুযায়ী হয়েছে।”
ঐশ্বরিয়ার তরফ থেকে তার মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়টির কোনো সত্যতা নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, 'পানামা পেপারস’-এ প্রকাশিত তালিকায় রয়েছে ৫০০ জন ভারতীয়ের নাম।
