প্রিয়াঙ্কাকেও কি নিকের পরিচয়ে চিনতে হবে?
হয়েছিলেন মিস ওয়ার্ল্ড, বলিউডে নাম কামিয়ে এখন হলিউডও দাপিয়ে বেড়াচ্ছেন, হয়েছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত। সেই প্রিয়াঙ্কা চোপড়াকে যখন স্বামী নিক জোনাসের পরিচয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন তার ক্ষ্যাপাটা স্বাভাবিকই, আর তাই হয়েছে।
প্রিয়াঙ্কা বেজায় চটেছেন ডেইলি মেইলের উপর। ব্রিটিশ এই সংবাদপত্রটি দি ম্যাট্রিক্স সিরিজের নতুন মুভি ম্যাট্রিক্স রেজারেকশনের অভিনয়শিল্পী হিসেবে তার পরিচয়ে উল্লেখ করেছিল আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাসের স্ত্রী হিসেবে।
নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, “এটা ভারি মজার ব্যাপার। যে আমি কি না বিশ্বের আইকনিক ফিল্ম ফ্রাঞ্জাইজির প্রচারের মুখ, সেই আমার পরিচয় কি না কারও স্ত্রী।”
“দয়া করে ভাবুন, এখনও কীভাবে মেয়েদের সঙ্গে এসব হয়? আমি কি আমার জীবনীতে আইএমডিবি লিংক জুড়ে দেব?” প্রশ্ন করেছেন ৩৯ বছর পেরিয়ে আসা এই অভিনেত্রী।
শুধু অভিনেত্রীই নন, প্রিয়াঙ্কা তথ্য প্রযুক্তি খাতের একজন উদ্যোক্তাও বটে। কেশ পরিচর্যার একটি ব্র্যান্ডেরও মালিক তিনি। নিউ ইয়র্কে রেস্তোরাঁও খুলেছেন এই ভারতীয় অভিনেত্রী।
২০১৭ সালে পরিচয়ের পরের বছরই সংসারজীবন শুরু করেন প্রিয়াঙ্কা-নিক।
