২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেল ফারুকীর ‘আমার বাংলাদেশ’

বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘আমার বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 04:04 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

মেরিল-রাঁধুনী নিবেদিত, সান কমিউনিকেশনস লিমিটেডের ব্যানারে নির্মিত ভিডিওচিত্রটি বিজয়ের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বুধবার রাতে ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভিডিওচিত্রের গল্পটা এমন: বিদেশের এক ডরমিটরিতে বাংলাদেশি তরুণ জুঁইয়ের রুমমেট লরার পৃথিবীতে আপন বলতে কেউ নেই; উৎসবের দিনগুলো নিজের সঙ্গেই কাটে তার। লরাকে নিয়ে বাংলাদেশে আসেন জুঁই।

বাংলার রূপ-বৈচিত্র্য দেখে মুগ্ধ হন লরা, একসময় জুঁইকে সাথে নিয়ে বেড়িয়ে পড়েন পুরো বাংলাদেশ দেখতে। জঙ্গল, পাহাড় চা-বাগান, সমুদ্র ঘুরে নানান খাবার চেখে দেখে, বিয়ে বাড়ি, বাউল গানের আসরে; বাংলার সৌন্দর্য, মানুষের আতিথেয়তা আর খাবারের স্বাদ লরাকে আপ্লুত করে।

সাকরাইন উৎসবে আলো-আঁধারির মাঝে দাঁড়িয়ে লরার মনে হয়, বাংলার স্বাদকে তিনি কখনও ভুলতে পারবেন না। আবার বিস্তৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয়, এটাই তার বাড়ি, এটাই তার ঠিকানা।

এক ফেইসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “কাজটা দেখলেই বুঝতে পারবেন আমাদের একার পক্ষে এটা করা সম্ভব হতো না। অনেক মানুষের সহযোগিতা নিতে হয়েছে এটা করতে গিয়ে।... এত মানুষের এগিয়ে আসার মন্ত্র কিন্তু আমি বা আমরা ছিলাম না। এর মন্ত্র ছিল একটাই - বাংলাদেশ।”

জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ইংল্যান্ডের অ্যালেক্স ডবসন।

নেহা বলেন, “এটা শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কত সুন্দর, মানুষ কত আন্তরিক, তা নতুন করে জানা যাবে ভিডিওটি দেখে। শুটিং করতে গিয়ে আমি নতুন করে বাংলাদেশের প্রেমে পড়েছি।”

আর ডবসন বলেন, “বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। আমি একজন থিয়েটার কর্মী। কাজটা দারুণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আসলে একবারও মনে হয়নি অভিনয় করছি। কারণ এদেশের মানুষ, প্রকৃতির সাথে আমিও মিশে গেছি। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় সত্যিই অনেক কষ্ট হয়েছে।”