২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় বাংলাদেশের জন্মযুদ্ধের অপ্রকাশিত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণবয়ন্তী উপলক্ষে ফরাসি ফটোসাংবাদিক অ্যান ডি হেনিংয়ের ক্যামেরায় ১৯৭১-৭২ সালে তোলা দুর্লভ ও অপ্রকাশিত কিছু ছবি নিয়ে প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 01:48 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের আয়োজনে এই প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানীও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

রুক্সমিনী রেকভানা কিউ চৌধুরীর নির্দেশনা ও পরিচালনায় এ প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্যও উন্মুক্ত থাকবে।

ফরাসি ফটোসংবাদিক অ্যান ডি হেনিং প্রথমবার বাংলাদেশে আসেন ১৯৭১ সালে, তখন তার বয়স ২৬ বছর, আর বাংলাদেশের জন্মযুদ্ধ চলছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ তখন ঢাকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছিল না। সেই বাধা ডিঙিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন এলাকায়। ক্যামেরায় ধারণ করেছেন যুদ্ধ দিনের প্রকৃত চিত্র।

Image
ছবি: অ্যান ডি হেনিং

ছবি: অ্যান ডি হেনিং

মুক্তিযুদ্ধকালে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে শরণার্থীদের ট্রেনে গ্রাম থেকে গ্রামে পালিয়ে যাওয়ার বেশ কিছু ছবি রয়েছে তার ব্যক্তিগত সংগ্রহশালায়। মুক্তিযুদ্ধের সেসব ছবি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তরের সাক্ষী।

মুক্তিবাহিনীর সাথে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করতে গিয়ে অ্যানি বলেছিলেন, “আমি দেখেছি মুষ্টিমেয় কিছু তরুণ মুক্তিবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে আসছে, একটি লম্বা বাঁশের খুঁটিতে বাংলাদেশের সবুজ, লাল এবং হলুদ পতাকা উড়ছে।

“মুখে হাসি নিয়ে আমাকে স্বাগত জানিয়ে তারা বলে, 'আপনি এখন স্বাধীন বাংলাদেশে!’”

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে অ্যান ডি হেনিংয়ের দ্বিতীয় সফরের সময় তার কিছু আলোকচিত্র দেখানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এ দেশের মানুষ পেয়েছে স্বাধীনতা।

ওই বছর আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে বঙ্গবন্ধু বক্তব্য দেওয়ার আগে তার সঙ্গে দেখা করেন অ্যান। তিনি জানান, ওই অনুষ্ঠানের ছবি তুলতেই তিনি কলকাতা থেকে ঢাকা এসেছেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর তার অনেক ছবি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। তবে কিছু রঙিন ছবি এখনও রয়ে গেছে অল্প কয়েকজন সংগ্রাহকের কাছে, অ্যান ডি হেনিং তাদেরই একজন।

তার আর্কাইভে থাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের আলোকচিত্রের পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধের সময় তার তোলা কিছু ছবিও দেখার সুযোগ হবে এই প্রদর্শনীতে।