২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন অভিনেতা নিলয়

লকডাউনে ফেইসবুক থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। এক বছরের মাথায় সেই সম্পর্ক গড়ালো পরিণয়ে, বিয়ে করলেন ছোট ও বড়পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 04:00 PM

Updated : 25 Jul 2022, 05:23 PM

লকডাউনের বিধিনিষেধের মধ্যে দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে ৭ জুলাই রাজধানীর উত্তরায় বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে নিলয় বিষয়টি জানালেন এক মাস পর।

তার স্ত্রীর তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী। লেখালেখি আর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত।

নিলয় গ্লিটজকে বলেন, “গত বছর লকাউনের মধ্যে ফেইসবুকে আমাদের পরিচয়ের পর দু’জনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে পারিবারিকভাবে অল্প কয়েকজনের উপস্থিতিতে সর্বোচ্চ সুরক্ষা মেনে আমাদের বিয়ে হয়েছে। সবার দোয়া চাই।”

নিলয় জানান, তার বোন দেশের বাইরে থাকেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, তখন বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন হবে।

এর আগে ২০১৬ সালের শুরুর দিকে মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখের সঙ্গে বিয়ে হয়েছিল নিলয়ের। টানাপোড়েনের মধ্যে সেই সম্পর্কে ইতি টানেন তারা।