২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমনিকে নিয়ে যা বললেন অঞ্জনা

মাদক মামলায় হালের শীর্ষ চিত্রনায়িকা পরীমনি গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে শিল্পীদের এমন ‘ভুল’ না করার অনুরোধ জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 11:52 PM

Updated : 10 Oct 2022, 06:10 PM

শনিবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অঞ্জনা।

সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কথা জানানোর পর পরীমনির প্রসঙ্গ তুলে অঞ্জনা বলেন, “আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক।

একা ও পরীমনির সদস্যপদ স্থগিত করল চলচ্চিত্র শিল্পী সমিতি

পরীমনি: নাটকীয় উত্থানের পর...  

“পরীমনি আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। তার ব্যক্তিগত জীবন দেখার দরকার নেই। সে ঘরের ভেতর কী করে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু কোনো ব্যক্তিগত কাজ কিংবা কোনো অপরাধ জনসম্মুখে চলে আসে, তখনই সেটা শিল্পী সমিতির দেখার বিষয়।”

গত বুধবার পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকেও মদ ও মাদক উদ্ধারের কথা বলা হয়। মাদক আইনের মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Image
র্যাবের হাতে আটক চিত্রনায়িকা পরীমনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। ছবি: মাহমুদ জামান অভি

র্যাবের হাতে আটক চিত্রনায়িকা পরীমনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। ছবি: মাহমুদ জামান অভি

এর আগে জুলাইয়ে এক ব্যবসায়ী বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করার পর শিল্পী সমিতিতে পাশে না পাওয়ার অভিযোগ তুলেছিলেন পরীমনি।

সেই অভিযোগ উড়িয়ে অঞ্জনা বলেন, “এটা ভুল কথা। আমাদের সেক্রেটারি (জায়েদ খান) তাকে সমিতিতে একটি চিঠি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তিনি তা অমান্য করে সংবাদ সম্মেলন করে ফেলেছেন। সেখানে তিনি কত ভুল তথ্য দিয়েছেন-সেটা আপনারা জানেন। এই প্রেক্ষিতে আমি বলব, ভবিষ্যতে যাতে আমাদের কোনো শিল্পী এই ভুল না করে-এটাই আমার অনুরোধ থাকবে।“

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর পরীমনি ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।