২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফুর-বিজনের সিনেমায় অনুরাগ কাশ্যপ

বাংলাদেশের প্রযোজক-নির্মাতা জুটি আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজের প্রযোজনা প্রতিষ্ঠান গুপী-বাঘা প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিতব্য ‘একা’ চলচ্চিত্রে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন বলিউডের নির্মাতা-প্রযোজক অনুরাগ কাশ্যপ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 05:06 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

এ চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের তরুণ নির্মাতা সুমন সেন; সিনেমার গল্পও তার।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে লা ফেব্রিক সিনেমায় বিশ্বের দশটি চলচ্চিত্রের একটি হিসেবে ‘একা’ বা ‘সলো’ নির্বাচিত হয়েছে। আরিফুর রহমান বিজন ইমতিয়াজ ও সুমন সেন কানে যোগ দিয়েছেন।

সেখানে কয়েক দফার বৈঠক শেষে বুধবার এ চলচ্চিত্রের সঙ্গে অনুরাগ কাশ্যপের প্রযোজনা প্রতিষ্ঠান গুড ব্যাড ফিল্মস ‍যুক্ত হয়েছে বলে জানান আরিফুর রহমান।

এর আগে ২০১৮ সালে গোয়া ফিল্ম বাজারে ‘একা’র গল্প দেখে ফ্রান্সের প্রযোজক ডমিনিক ভেলিন্সকি সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছিলেন।

`গ্যংস অব ওয়াসিপুর’র মতো ছবির নির্মাতা অনুরাগ কাশ্যপকে সঙ্গী হিসেবে পাওয়ায় ‘একা’র কাজে আরও গতি পাবে বলে মনে করেন আরিফুর রহমান।

ফ্রান্স থেকে বৃহস্পতিবার দুপুরে আরিফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে অনুরাগ কাশ্যপ এমন একজন প্রযোজক-নির্মাতা যিনি সিনেমা দিয়েই ভেঙে-চুড়ে ফেলতে চান।

“তার মতো প্রযোজককে পাওয়ায় কাজটি আরও গতি পেল; ছবিটি নিয়ে অনেক ‍দূর যেতে চাই আমরা।”

যুক্তরাষ্ট্রের বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে অনুরাগ কাশ্যপ বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় করার মতো কাজ খুঁজে পাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ রয়েছে। বাংলাদেশ-ভারত-ফ্রান্সের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে একযোগে এমন আইডিয়া, চিত্রনাট্যের সিনেমা বানানোর প্রকল্পে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

সহ-প্রযোজক হিসেবে অনুরাগ কাশ্যপকে পাওয়ার আগেই তার প্রতি মুগ্ধতা ছিল আরিফুরের; ২০১২ সালের দিকে অনুরাগের অফিসে দেখা করতে গিয়েছিলেন আরিফুর। কিন্তু এ পরিচালক অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।

‘রেহানা মরিয়ম নূর’ দেখে যা বললেন অনুরাগ কাশ্যপ  

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসে আরিফুর রহমানের সহপ্রযোজনায় আফগানিস্তানের নির্মাতা দিয়ানা সাকিবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রোকাইয়া’র প্রদর্শনীতে অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হয়েছিল; প্রদর্শনীর পর তার সঙ্গে আলাপও হয়েছিল আরিফুরের।

ফরাসি প্রযোজক ডমিনিকের মঙ্গে ‘একা’ নিয়ে অনুরাগের আলোচনার মধ্যে কানের লা ফেব্রিক সিনেমায় ‘একা’ দেখে এতে প্রযোজনায় উৎসাহিত হয়েছেন অনুরাগ।

সিনেমার গল্প নিয়ে আরিফুর বলেন, “বিশ্বের মানুষ এখন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ক্রাইসিসের গল্পটার আমরা বলছি। যেকোনো দেশের মানুষের মনে হবে, এটা আমার দেশের গল্প।

মধ্যবিত্ত পরিবারের এক সদস্যের চরিত্র বিপ্লব। বিশ্বের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত। বিপ্লব মধ্যবিত্ত শ্রেণির আয়না। যারা অনেক কিছু দেখেও কিছু বলতে পারি না। একটা পর্যায়ে গিয়ে সেটা বলে ফেললে কিংবা কাজটা করে ফেললে পুরো জীবনের জার্নিটাই বদলে যায়।”

৫৬ বছর বয়সি বিমা কর্মকর্তা বিপ্লবের চরিত্রে ভারতীয় অভিনেতা আদিল হুসাইনের নাম খবরে এলেও আরিফুর বলছেন, তিনি থাকছেন না। সিনেমার কাস্টিংয়ে বড় চমক থাকছে; চূড়ান্ত হলে ঘোষণা দেওয়া হবে। ২০২২ সালে ছবির শুটিং শুরু হবে।

আরিফুর কান থেকে ঢাকার পথে রওনা করেছেন বৃহস্পতিবার; বিজন ও সুমন আগামী ১৫ দিন ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করতে প্যারিসেই থাকছেন।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গুপী-বাঘা প্রোডাকশনসের ব্যানারে বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমান জুটির ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পেয়েছে।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্র নিয়ে কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’র সহ-প্রযোজনায় যুক্ত ছিল গুপী-বাঘা প্রোডাকশনস।

ছবিটি দেখে ২০১৭ সালে ভারতীয় তরুণ নির্মাতা সুমন সেন গুপী-বাঘা প্রোডাকশনসের সঙ্গে তার গল্প নিয়ে সিনেমার নির্মাণের আগ্রহ প্রকাশ করেন; পরবর্তীতে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেয় গুপী-বাঘা।