এফডিসিতে যেদিন নক্ষত্র নেমেছিল
নব্বইয়ের দশকে ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সংবর্ধনা দিয়েছিল ঢাকার শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।
বলিউডের প্রথম ‘সুপারস্টার’ দিলীপ কুমার ৯৮ বছর বয়সে মারা যান বুধবার।
প্রয়াত মেয়র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল হকের আমন্ত্রণে ১৯৯৫ সালে জানুয়ারিতে ঢাকায় হোটেল শেরাটনে (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) একটি চ্যারিটি শোতে অংশ নেন দিলীপ কুমার।
তার পরদিন ২৫ জানুয়ারি ঢাকার শিল্পী ও নির্মাতাদের আয়োজনে এফডিসির ভেতরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সেই সময়ের পত্রিকা ঘেঁটে জানা গেছে, এ কিংবদন্তিকে স্বাগত জানাতে আয়োজনের কোনো কমতি ছিল না। দিলীপ কুমারের জন্য লাল গালিচা পাতা হয়েছিল, গালিচার দুই পাশ ধরে তার ছবি আর রঙ-বেঙয়ের পতাকায় রঙিন হয়ে উঠেছিল চারপাশ।
সেই সময়ে এফডিসির জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা হাশিমা গুলরুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেই আয়োজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এফডিসি যুক্ত ছিল না; সেটি মূলত পরিচালক, শিল্পীদের আয়োজন করেছিল।
তিনি বললেন, “সেইদিন উনাকে আমি দিলীপ কুমারকে দেখেছিলেন এফডিসির পাশেই মাঠের মতো জায়গাটায়। হাসি-খুশি ও প্রাণবন্ত মানুষ; পাশে একজনের সঙ্গে কথা বলছিলেন। তখনও তিনি খুবই ফিট ছিলেন।”
তখন তার বয়স ছিল ৭২ বছর; কালো স্যুটের সঙ্গে সাদা শার্ট ও কালো-সাদা প্রিন্টের টাই পরে তাকে তিনি যখন হাত নাড়ছিলেন তখন তার বয়স বুঝবার উপায় ছিল না।
অনুষ্ঠানের শুরুতে তারকারা দিলীপ কুমারকে ফুলেল শুভেচ্ছা জানান; পরে অভিনেত্রী সারাহ বেগম কবরী তার হাতে মানপত্র তুলে দেন।
এরপর বিভিন্ন সংগঠনের তরফ থেকে দিলীপ কুমারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শিল্পীদের উদ্দেশে দিলীপ কুমার বলেন, “প্রথমেই লক্ষ্য রাখতে হবে-যা করতে যাচ্ছি তার জনগ্রাহ্যতা কতটুকু। আমি দেখেছি যাদের ইচ্ছা ও পছন্দের ওপরে ভর করে আমাদের ক্যারিয়ার গড়ে উঠে তারা ঐ বাইরে দাঁড়ানো মানুষই। আমাদের সকল কৃতকর্মের রায় দিয়ে দেন মাত্র দুটো শব্দে- ‘বহুত ভালো ও ‘বহুত খারাপ’। এই দুই সত্যের উপরই আমাদের কৃতকর্মের বাঁচা-মরা নির্ভর করে।
“অভিনয় করার, চলচ্চিত্র নির্মাণের অসংখ্য বিষয় আছে। তবে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে যেন দেশের সংস্কৃতি ও আত্মপরিচয় প্রকাশিত হয়। কারণ প্রযুক্তি, প্রকৌশলী যন্ত্রপাতি সবই বিদেশ থেকে আমদানি করা যায় কিন্তু সাহিত্য ও সংস্কৃতি আমদানি করা অসম্ভব।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ওবায়দুল হক। বক্তৃতা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি প্রয়াত চাষী নজরুল ইসলাম, প্রযোজক সমিতির সভাপতি প্রয়াত নাসিরুদ্দিন দিলু ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এবিএম জাকারিয়া।
অনুষ্ঠানে বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারও ছিলেন।
