‘মনপুরা’র গান থেকে ছবির নাম নিইনি, দাবি পরিচালক মানিকের
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে’ থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান; তবে তা অস্বীকার করেছেন পরিচালক মানিক।
গত শুক্রবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের তরফ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিচালক মানিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনপুরা’র সেই গান থেকেই ছবির নাম নিয়েছেন তিনি।
‘মনপুরা’র গান থেকে ছবির নাম নিয়েছেন কি না?-এমন প্রশ্নের জবাবে মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না। এটা একটা ভুল তথ্য। আমি ওই সিনেমা থেকে গানটাও নিইনি, নামটাও নিইনি।”
‘মনপুরা’ থেকে নিজের ছবির নাম নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও মানিকের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করা বেশ কয়েকটি খবরে ‘মনপুরা’র ছবির কথাই উঠে এসেছে।
বাংলাদেশ কপিরাইট অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ‘মনপুরা’ চলচ্চিত্রের ‘যাও পাখি বলো তারে’ গানের গীতিকার ও সুরকার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ কপিরাইট অফিস থেকে কপিরাইট সনদ পেয়েছেন শিল্পী কৃষ্ণকলি ইসলাম।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় কৃষ্ণকলি জানান, গানের সেই লাইন চলচ্চিত্রের নাম হিসেবে ব্যবহারের জন্য তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তবে বিষয়টি নিয়ে কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগও নেই।
‘যাও পাখি বলো তারে’ গানটিকে একটি প্রচলিত গান বলে দাবি করে মানিক বলছেন, “পরবর্তীতে ‘মনপুরা’ সিনেমায় সেটি ব্যবহার করা হয়েছে।”
“এটা অনেক আগে থেকেই প্রচলিত গান। ‘মনপুরা’ সিনেমায় পরে গানটি ইউজ করছে। আমরা আগে গ্রামে-গঞ্জে ‘যাও পাখি বলো তারে’ শুনেছি; ছবির নামটা ওখান (প্রচলিত গান) থেকেই নেওয়া।”
তাহলে সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মনপুরা’ ছবির নাম এল কীভাবে?-এমন প্রশ্নের জবাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক বলেন, “বিষয়টি নিয়ে অনেক জায়গায় নিউজ হয়েছে। জিনিসটা আসলে ঠিক না। প্রযোজকরা ওটা দিছে তো।”
বিষয়টি নিয়ে বাংলাদেশ কপিরাইট অফিস বলছে, পরিচালক মানিক চলচ্চিত্রের নাম হিসেবে যদি শুধু ‘যাও পাখি বলো তারে’ বাক্য ব্যবহার করেন তাহলে তা কপিরাইট আইনের লঙ্ঘন নয়।
কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গান একটি সেক্টর, নাটক-সিনেমা আরেকটি সেক্টর। ‘যাও পাখি বলো তারে’ এই কয়েকটা শব্দ যদি তিনি চলচ্চিত্র কিংবা নাটকের নাম হিসেবে ব্যবহার করেন তাহলে কোনোটিই ওভারল্যাপ করছে না। ফলে এটাকে নকল বলা যাবে না।”
‘যাও পাখি বলো তারে’ চলচ্চিত্রের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; পোস্ট প্রডাকশনের কাজ চলছে। ঈদুল আজহার পর মুক্তির কথা রয়েছে বলে জানান মানিক।
এতে অভিনয় করেছেন আদর আজাদ, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু ও শিপন মিত্র।
ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ছবির শুটিং হয়েছে বগুড়ায়। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, আবহ সংগীত করেছেন ইমন সাহা। ছবির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তমালিকা আকরাম।
মাহি ও সায়মন সাদিককে নিয়ে ‘জান্নাত’ চলচ্চিত্র নির্মাণ করে ২০১৮ সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মানিক।
