২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে গর্ভধারণের যাতনা সইতে হয়েছিল লেডি গাগাকে

ধর্ষণে গর্ভধারণের পর ‘সাইকোটিক ব্রেক’ বা এক ধরনের মানসিক বিভ্রমের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন ব্রিটিশ পপ তারকা লেডি গাগা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 12:34 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

মাত্র ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হন এই সঙ্গীত শিল্পী। তিনি বলেন, একজন পুরুষ সঙ্গীত পরিচালক তাকে ধর্ষণ করেছিলেন; হুমকি দিয়েছিলেন, গাগা পোশাক না খুললে তার সব সঙ্গীত পুড়িয়ে ফেলবেন।

লেডি গাগা বলেন, “ধর্ষক এরপর আমাকে ঘরের এক কোণে ফেলে রাখে ... কারণ গর্ভধারণের কারণে আমি বমি করছিলাম ও অসুস্থ হয়ে পড়েছিলাম।”

ওই ঘটনার কয়েক বছর পরেও তিনি ‘একটি পুরোপুরি সাইকোটিক ব্রেকের’ মধ্যে ছিলেন এবং ওই আঘাতের কারণে তার ভেতরে ‘আতঙ্কের সর্বোচ্চ যন্ত্রণা’ কাজ করত।

জনপ্রিয় টেলিভিশন তারকা ওপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারির উপস্থাপনায় অ্যাপল টিভি প্লাসের নতুন ধারাবাহিক ‘দ্য মি ইউ কান্ট সি’-এর প্রথম পর্বের অতিথি হিসেবে সাক্ষাৎকারে নিজের অতীত জীবনের এই দুঃসহ স্মৃতি বর্ণনা করেন লেডি গাগা, যার আসল নাম স্টেফানি জারমানোটা।

মূলত মানসিক স্বাস্থ্য ঘিরে থাকা সংকোচগুলো নিয়ে এই অনুষ্ঠান।

সঙ্গীত জগতে পা দেওয়ার শুরুর দিনগুলোতে এই ধর্ষণের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গাগা।

Image
অশ্রুনয়নে ধর্ষণের যন্ত্রণা বর্ণনা করেন লেডি গাগা।

অশ্রুনয়নে ধর্ষণের যন্ত্রণা বর্ণনা করেন লেডি গাগা।

জীবনের ৩৫ বছর পার করে আসা এই শিল্পী বলেন, “তখন আমি মাত্র ১৯ বছরে এবং সঙ্গীত জগতে কাজ শুরু করেছি, এবং একজন প্রযোজক আমাকে বললেন, ‘তোমার কাপড় খুলে ফেলো’। আমি রাজি হইনি এবং সেখান থেকে বের হয়ে যাই। এরপর তারা আমাকে বলে, আমার সব গান পুড়িয়ে দেবে। এবং তারা থামছিলো না।”

“তারা আমাকে ছাড়ছিলো না, এবং আমি নিথর হয়ে যাই এবং আমি ... আমি আসলে মনেও করতে পারছি না সেই দুঃসহ যন্ত্রণা।”

লেডি গাগা আরও বলেন, তিনি কখনোই ওই ধর্ষকের নাম মুখে আনবেন না।

“আমি বুঝি এই #মি টু আন্দোলন, আমি বুঝি এতে অনেকেই স্বস্তিবোধ করেন, কিন্তু আমি করি না। আমি জীবনে আর কখনই ওই লোকের মুখোমুখি হতে চাই না।”

ধর্ষণের শিকার হওয়ার কথা ২০১৪ সালে প্রথম প্রকাশ করেন লেডি গাগা। যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসে যৌন নিপীড়নের ওপর নির্মিত একটি তথ্যচিত্রে ব্যবহার করা একটি গানেও বিষয়টি তুলে ধরেন তিনি।

২০১৬ সালে গাগা অস্কারের জন্য মনোনীত হন। ২০১৯ সালে ‘অ্যা স্টার ইজ বর্ন’ এর জন্য অস্কার জেতেন তিনি।

লেডি গাগা বলেন, ওই ঘটনার পর এর মানসিক ধাক্কা সামলে উঠতে আড়াই বছর সময় পার করতে হয়েছে তাকে। তবে এখন জীবন নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী।