২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাল গাডোতের এবারও কন্যা সন্তান

‘ওয়ান্ডার উইম্যান’ গাল গাডোতের ঘরোয়া মিত্রশক্তি বাড়ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 12:03 AM

Updated : 07 Apr 2022, 11:01 PM

‘জাস্টিস লিগ’ চলচ্চিত্রে ওয়ান্ডার উইম্যানের মিত্রশক্তি হিসেবে ব্যাটম্যানের সঙ্গে একে একে যোগ দিয়েছেন ফ্ল্যাশ, সাইবর্গ এবং সুপারম্যান।

আর নিজ ঘরের মিত্রশক্তি বাড়াতেই যেন ‘ওয়ান্ডার উইম্যান’ খ্যাত গাল গাডোত আবারও কন্যা সন্তান ধারণ করেছেন। তার প্রথম ও দ্বিতীয় সন্তানও মেয়ে। 

সন্তান ধারণের খবরটি টুইটারে মার্চ মাসেই জানিয়েছিলেন তিনি। আর এবার যুক্তরাষ্ট্রের ‘লাইভ উইথ কেলি অ্যান্ড রায়ান’ অনুষ্ঠানে ভার্চুয়াল-ভাবে অংশ নিয়ে প্রকাশ করলেন তৃতীয় সন্তানের লিঙ্গ পরিচয়।

আনন্দপূ্র্ণ কণ্ঠে তিনি বলেন, “এটা কন্যা নম্বর তিন।” মজা করে আরও বলেন, “আর সেটা জেনেই আমরা এভাবেই আটকে থাকতে চাই।”

সাক্ষাৎকার অনুষ্ঠানের তথ্য ধরে পেইজসিক্স ডটকম জানায়, এই ইসরাইলি অভিনেত্রী কয়েকদিন আগে ইন্সটাগ্রামে তার স্বামী ইয়ারন ভার্সানো ও দুই সন্তান ৯ বছরের অ্যালমা এবং ৩ বছরের মায়া’র সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছিলেন ‘হেয়ার উই গো এগেইন।’

২০০৮ সালে বিয়ে। তারপর থেকে কেটেছে ১২ বছর।

গত বছর সেপ্টেম্বর মাসে বিয়ের একযুগ পূর্তি উপলক্ষ্যে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “তুমিই আমার একমাত্র, আমার সব, ১২ বছরের বিবাহিত জীবন যেন তোমার সঙ্গে পার্কে হাঁটার মতোই স্বস্তির। অনেক কিছুই আসবে, আমি সবসময় তোমারি।”

আর অনেক প্রাপ্তির মধ্যে তৃতীয় সন্তান কন্যা হওয়াতে আরও আনন্দিত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ খ্যাত গাডোত।

‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’ সিনেমার পর  তাকে দেখা গিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া পরিচালক জ্যাক স্নাইডারের  ‘জাস্টিস লিগ’ ভার্সনে।

আর মুক্তির অপেক্ষায় আছে নতুন ছবি ‘ডেথ অন দ্য নাইল’। যেখানে ৩৫ বছর বয়সি এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা আলি ফজল।