ড. অক্টোপাসের ভূমিকায় আবারও আলফ্রেড মোলিনা
টম হল্যান্ডে’র পরবর্তী ‘স্পাইডার-ম্যান থ্রি’ ছবিতে ফের দেখা যাবে অষ্টভূজ খলনায়ককে।
‘স্পাইডার-ম্যান’ কমিক সিরিজের অন্যতম ভিলেন ড. অক্টোপাস। যিনি ছিলেন বিজ্ঞানী অটো অক্টাভিয়াস। ঘটনাচক্রে তিনি স্পাইডার-ম্যানের শত্রু হয়ে যান।
আর এই কাহিনি দেখা গিয়েছিল স্যাম রেইমি পরিচালিত টবি ম্যাগগুয়ার অভিনীত ২০০৪ সালের ‘স্পাইডার-ম্যান টু’ ছবিতে। সেটাতে ড. অক্টোপাসের ভূমিকায় অভিনয় করেছিলেন ইংলিশ-আমেরিকান কিংবদন্তী অভিনেতা আলফ্রেড মলিনা।
এবার টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান থ্রি’ ছবিতে মলিনাকে আবারও দেখা যাবে বিজ্ঞানী অটো অক্টাভিয়াস ওরফে ড. অক্টোপাসের ভূমিকায়।
এক সূত্রের বরাত দিয়ে দি হলিউড রিপোর্টার ডটকম এই সংবাদ প্রকাশ করে।
টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান থ্রি’ ছবির সম্ভাব্য মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। যেটা পরিচালনা করছেন ‘স্পাইডার-ম্যান: হোম কামিং’ ও ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ছবি দুটির পরিচালক জন ওয়াটস।
বেনেডিক কামবারব্যাচকেও দেখা যাবে এই ছবিতে ড. স্ট্রেঞ্জের ভূমিকায়। যিনি আয়রন ম্যানের মৃত্যুর পর, এবার টম হল্যান্ডের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবিতে মলিনা’র অন্তর্ভূক্ত মানে তিন প্রজন্মের ‘স্পাইডার-ম্যান’কে এক সূত্রে গাঁথা। এছাড়া জেইমি ফক্সকেও এই ছবিতে দেখা যাবে ‘ইলেক্ট্রো’র ভূমিকায়। যিনি অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত ২০১৪ সালের ‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ ছবিতে এই খলনায়কের চরিত্রেই অভিনয় করেছিলেন।
যদিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল এবং সনি এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।
আলফ্রেড মলিনা ২০১৭ সালের ‘ফিউড: বেটি অ্যান্ড জোন’ ছবিতে অভিনয় করে ‘এমি’ ও ‘গোল্ডেন গ্লোব’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।
