সুস্থ হয়ে বাসায় ফিরলেন আজিজুল হাকিম
করোনাভাইরাস থেকে সেরে উঠে হাসপাতাল ছাড়লেন অভিনেতা আজিজুল হাকিম।
শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১৪ দিন ধরে ভর্তি ছিলেন এ অভিনেতা; শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
সুস্থ হয়ে উঠায় আজিজুল হাকিমকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে; বুধবার সোয়া ১টার দিকে হাসপাতাল ছেড়েছেন বলে জানান কর্তব্যরত কর্মকর্তা বুলবুল ভুঁইয়া।
আজিজুল হাকিম করোনাভাইরাসমুক্ত হয়েছেন কি না?- এমন প্রশ্নের জবাবে বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কোনও উপসর্গ না থাকলে আক্রান্ত হওয়ার ১৪ দিন পর আর পরীক্ষার প্রয়োজন পড়ে না।
“তার কোনও উপসর্গ নেই। তার আক্রান্ত হওয়ার পর ১৪ দিন পেরিয়ে যাওয়ায় তিনি করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বলে বিবেচনা করছি আমরা।”
মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।
১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।
