শাহী জীবনের শাহরুখ খান
জন্মদিন পার হয়ে যাওয়া মানে এই নয় উৎসব শেষ। শাহরুখ খানের জীবনে অন্তত নয়।
নভেম্বরের ২ তারিখে ছিল তার জন্মদিন। ৫৫ বছর বয়সী শাহরুখ খানকে কিং খান বলা হয় বলিউডের। তেমনি বর্ণাধ্য জীবন তার। তাকে নিয়ে লেখারও শেষ নেই। তাই গ্লিটজের জন্য এবার লিখলেন আরাফাত শান্ত।
শাহরুখ খান অনেক কিছুই করেননি। তিনি তার প্রিয় ছবি হিচককের ১৯৮৭ সালের 'ফুল ম্যাটাল জ্যাকেট' সিনেমার মতো অভিনয় করেননি, নিজে স্বপ্ন দেখতেন আর্মিতে যোগ দিবেন তা হয়নি, কৈশোরে বাবাকে হারানোর পর ভেবেছিলেন মা সাথে থাকবেন তার তিনিও চলে গেছেন তার সাফল্য না দেখেই, ভেবেছিলেন তিনি সারাজীবন বলিউডের বাদশাহ থাকবেন তাও থাকতে পারেন নাই। তবুও তিনি হয়েছেন এই ভূবনের অন্যতম জনপ্রিয় নায়ক। পৃথিবীর প্রতি পাঁচজন মানুষের একজন শাহরুখ খানকে চিনেন। জনাথনের রসের শোতে তিনি বলেছিলেন, 'তিন চারটা জায়গা বেঁচে আছে যেখানে কেউ আমাকে চিনতে পারেনা। নয়তো ভারতীয়রা না থাকলেও বাংলাদেশ আর পাকিস্তানী কিংবা গালফের কেউ আমাকে দেখলেই চোখে চোখে উতেজনা ও মাথায় তুলতে চাওয়ার আগ্রহ।'
এই দুনিয়ার অন্যতম জনপ্রিয় নায়ক হবার আগে শাহরুখ খানের জীবন ছিল সাদামাটাই। তবে সেখান থেকে তার এত বড় তারকা হওয়াটা রূপকথার মতোই। তার বাবা ছিলেন খুব ভদ্র শান্তশিষ্ঠ লোক। পেশায় আইনজীবি। অল্প বয়সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে জেল খেটেছেন। রাজনীতিও করেছেন। অনেক রকমের ব্যবসা তিনি করেছেন। কিছুতেই সফল হন নি। ট্রান্সপোর্টের ব্যবসা, আসবাবপত্রের ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা সব কিছুতেই ব্যর্থ। তবে তার বাবাই কর্মসূত্রে অভিনয়ের বীজটা ছড়িয়ে দেন তার অন্তরে। ন্যাশনাল ড্রামা স্কুলে তার বাবা ক্যান্টিন চালাতেন। নামকরা সব অভিনেতাদের ছোট বেলা থেকেই তিনি দেখছেন। ছোট বলে তাকে আদর করতো সবাই, থিয়েটার দেখতে নিয়ে যেত। রাজ বাব্বরের মত অভিনেতা তাকে শিখিয়েছিল কার্ড খেলা। ১৫ বছর বয়সে যখন তার পিতা ইন্তেকাল করেন, তাদের ফ্যামিলি আরো বিপদে পড়েন। তার বোন আর উনি দুজনেই ছাত্র। পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় এদিকে তাদের মা সব খেয়াল রাখতেন। এদিকে তাদের খেয়াল রাখতে গিয়ে তাদের মাও অসুস্থ হয়ে পড়েন, ১৯৯১ সালে মারা যান। হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে শাহরুখ ভর্তি হন জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে। কিন্তু অভিনয়ের নেশায় প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়ে ভর্তি হন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে। স্ত্রী গৌরি খানের সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে দেখা হয়েছিল তার। তারপর চার বছরের সম্পর্ক এবং ১৯৯১ সালে বিয়ে।
অভিনেতা হিসেবে শাহরুখ খানের পথচলার শুরু ১৯৮৯ সাল থেকে। ‘ফৌজি’ টিভি সিরিয়ালের মাধ্যমে পর্দায় আসেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে। এ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তারপর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ এর মতো ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন।
‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে নিজের অভিনয়ের জাদু দিয়ে পৌঁছে যান সাফল্যের চূড়ায়। একের পর এক হিট ছবি দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন। ‘করণ-অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ইয়েস বস’, ‘পারদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডুপ্লিকেট’, ‘দিল সে’, ‘মোহাব্বাতেন’, ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘ডন’, ‘ডন-২’, ‘রাব নে বানাদি জোরি’, ‘জাব তাক হ্যায় জান’, ‘চেন্নাই এক্সপ্রেস, ‘রইস’ প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কয়লা’, ‘বাজিগর’, ‘বাদশাহ’, ‘ডর’, ‘দেবদাস’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান এর মতো ছবিতে তার অনন্য সাধারণ অভিনয় বিশ্বব্যাপী তাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। প্রায় তিন দশকের ক্যারিয়ারে মোট ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হয়েছেন। ২০০২ সালে তাকে 'পদ্মশ্রী' পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।
আমাদের শৈশব কৈশোরে শাহরুখ খানের ভূমিকা মনে রাখার মতনই। যদিও অনেককে আজকাল জিগ্যেস করলে দিব্যি অস্বীকার করবে। কিন্তু সেই সময় শাহরুখ খানের ভক্ত ছিল না কে? এখন যেমন লোকজন সবাই আমির খান আমির খান করে, তখন সবাই করতো শাহরুখ শাহরুখ। শাহরুখ খান মানেই ৯০ দশক। নব্বই দশকই শাহরুখ খানকে বানিয়েছি তারকা। ভিসিআরে রাত জেগে ছবি দেখা, কারো বাসায় নায়কের পোষ্টার দেয়ালে ঝুলতে দেখা, ভিউকার্ড জমানো, রাত জেগে ছবি দেখা, কোথাও গিয়ে ডিশের লাইন পেলে শাহরুখ খানের সিনেমা দেখতে বসে যাওয়া, পাশের বাসার ডিসে তার ঝুলিয়ে নিজেদের টিভিতে দেখার চেষ্টা, এসব সব কিছুতেই মিশে আছেন শাহরুখ খান। আমি প্রথম ' কুচ কুচ হোতা হ্যায়' দেখি এক প্রতিবেশির বাসায়।
কন্ঠে সারাদিন সেই ছবির গান। প্রথম 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' দেখেছিলাম খুলনায় বাড়ীওয়ালার বাসায়। শাহরুখ খানের ম্যানারিজম ফলো করা ছিল আমাদের প্রিয় বিষয়। এসব সবই স্মৃতি। ভুলতে পারা যায় না। কবে শাহরুখ খান ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য এক ছোটো ইন্টারভিউ দিয়েছিল, আমরা তা দেখে কি উচ্ছসিতই না ছিলাম। বড় হতে হতে নানান সিনেমা দেখতে দেখতে শাহরুখ খানও আমাদের কাছে কিছুটা ফিকে হয়ে আসে। তবে এখন ম্যাচিউরড মানুষ হয়ে বুঝতে পারি আসলে শাহরুখ খান হলো শতভাগ এন্টারটেইনার। তিনি জানেন কি করলে লোকের কাছে নন্দিত হবেন। সেই কাজটাই করেন। যে 'অভিনেতা' আমির খানের আমরা ভক্ত, সেই আমির খানের অব্ধি বলতে হয়, 'শাহরুখ খান একজন পেশাদার অভিনেতা, দশকের পর দশক শীর্ষে থাকার জন্য যে নিষ্ঠা ও একাগ্রতা থাকার দরকার সেটা তার আমার আর সালমানের চেয়ে বেশি আছে।' নব্বই দশকের শুরুই হয়েছে তিন খানের বলিউডে আগমন দিয়ে। এদের তিনজনের জন্মই আবার ১৯৬৫ সালে। এরকম কাছাকাছি সময়ে এক সাথে তিন স্টার, তিনজনই নবাবী করছেন, এমন সময়ই আগে কখনো বলিউডে আসে নাই। শাহরুখ খানের 'গাটস' অনেক। তিনি নিজেকে কারো সাথেই তুলনা করতে চান না। আবার তুলনা করলে করেন তিনি সব সময়ই 'বলিউডের কিং' বলেই নিজেকে দাবী করেন। শাহরুখ খানের সিনেমায় গত কয়েক বছর ধরে কিছুটা ভাটার টান। কিন্তু ঘুরে দাঁড়াবেনই, খালি সময়ের অপেক্ষা। কারন শাহরুখ জানেন কিভাবে ইন্ডাস্ট্রিতে 'রাজ' করতে হয়। তিনি যে ফ্রাঞ্চাইজি দলের মালিক তার থিম সংটাই তার জীবন সংগীত, 'করবো লড়বো, জিতবো রে!'
