করোনাভাইরাসে প্রযোজক নাসির উদ্দিন দিলুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু মারা গেছেন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় তার মৃত্যু হয়েছে বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
তার বয়স হয়েছিল ৭৬ বছর।
খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিন আগে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দুইদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল বলে জানান খসরু।
‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রুপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’, ‘ভালোবাসা’, ‘মহান’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন দিলু।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বিভিন্ন মেয়াদে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি।
তিনি দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।
স্বাস্থ্যবিধি মেনে আসরের পর রাজধানীর বারিধারা মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছে।
