২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রনায়িকা তমার আইডি দখলে নিয়ে ‘বিচ্ছেদের’ ঘোষণা হ্যাকারদের

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জার ফেইসবুক অ্যাকাউন্ট দখলে নিয়ে এক স্ট্যাটাসে স্বামীর সঙ্গে তার ‘বিচ্ছেদের’ ঘোষণা দিয়েছেন হ্যাকাররা;  বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 12:53 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

শনিবার তার ফেইসবুক অ্যাকাউন্টের সঙ্গে স্বামী হিশাম চিশতির ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একযোগে ‘বিচ্ছেদের’ ঘোষণা আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলেছে।

তার কয়েক ঘণ্টার মাথায় এক ফেইসবুক স্ট্যাটাসে তমা মির্জা জানান, তার ও স্বামীর ফেইসবুক পাসওয়ার্ড একই হওয়ায় দু’জনের আইডিই হ্যাক করে হ্যাকাররা অনাকাঙ্ক্ষিত ঘোষণাটি দিয়েছিল।

তমা বলেন, “দয়া করে দুয়ে দুয়ে চার মেলাবেন না। যেই কাজটা করেছে সে খুবই ঠান্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না। যাই হোক আমরা একসাথে ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।”

গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তমা মির্জা। কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হানিমুন পর্ব সেরে এলে এ জুটি।

২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।